গাড়ি চলবে, দোকান ও স্কুল কলেজ খুলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের স্লোগানই হলো ‘গাড়ির চাকা ঘুরবে না, স্কুল-কলেজ খুলবে না’। কিন্তু আজ সোমবার সারা দেশে জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতালে সেই স্লোগান বদলে গেছে। কয়েক দিন ধরেই মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে আজ ‘গাড়ির চাকা ঘুরবে, স্কুল-কলেজ খুলবে’।হরতাল পালন না করতে কিংবা একে প্রতিহত করা এখন আর কেবল আহ্বানের মধ্যেই সীমাবদ্ধ নেই। জামায়াতের আজকের হরতাল প্রতিহতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে সরকার, বিভিন্ন সংস্থা ও সংগঠন। সাধারণ মানুষও ব্লগ, ফেসবুক কিংবা সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম ব্যবহার করে হরতাল না মানতে আহ্বান জানাচ্ছেন। কক্সবাজারে পুলিশের সঙ্গে সহিংসতায় হতাহতের ঘটনার প্রতিবাদে সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জামায়াতে ইসলামী। আর কক্সবাজারে হরতাল ডাকা হয়েছিল টানা তিন দিন। ঘোষণা দেওয়া হয়েছে যে আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। সব পূর্ব নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। অফিস-আদালতও খোলা থাকছে। পরিবহন মালিকেরা যান চলাচল স্বাভাবিক রাখার ঘোষণা দিয়েছেন। তাঁরা জামায়াতে ইসলামীর নেতাদের পরিচালিত পরিবহনগুলো অবাঞ্ছিতও ঘোষণা করেছেন। দোকান মালিক সমিতি সারা দেশে সব ধরনের দোকান খোলা রাখারও ঘোষণা দিয়েছে। হরতাল প্রতিহতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজেবি) মহাপরিচালক ইকবাল আখতার মিঞা প্রথম আলোকে জানান, স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে রোববার রাত আটটা থেকে ঢাকায় প্রয়োজনীয় সংখ্যক বিজেবি সদস্য মোতায়েন করা হয়েছে। জানা গেছে, ছয় প্লাটুন বিজেবি সদস্য ঢাকায় টহল দেবে।জামায়াত-শিবিরের যেকোনো অপতৎপরতা বন্ধে এবং জোর করে হরতাল পালনে বাধ্য করার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর হরতাল কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়ে বলেছেন, ধর্মীয় মোড়কে দেশের মাটিতে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না। সারা দেশের তরুণেরাও এই হরতাল প্রতিহতের ঘোষণা দিয়েছেন। দেশের সর্বত্র তাঁরা অবস্থান নেবেন। ঢাকায় শাহবাগে থাকবেন তাঁরা। শাহবাগে চলমান আন্দোলনের আহ্বায়ক ইমরান এইচ সরকার প্রথম আলোকে জানান, গতকাল থেকেই জামায়াতের হরতাল প্রত্যাখ্যান করে সব স্কুল-কলেজ, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান, দোকানপাট ও কলকারখানা খোলা রাখার আহ্বান জানানো হচ্ছে। আজ সব প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হবে। প্রতিটি পাড়া-মহল্লায় জামায়াতকে প্রতিহত করতে হবে। গাড়ির চাকা ঘুরবে: বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ গতকাল বিআরটিসি কার্যালয়ে সমিতির অফিসে এক সংবাদ সম্মেলনে বলেছেন, জামায়াতের ডাকা আজকের হরতাল সমিতি প্রত্যাখ্যান করছে। তারা সারা দেশে বাস-মিনিবাস-ট্রাক চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও আহ্বান জানানো হয়েছে।সংবাদ সম্মেলনে বলা হয়, শাহবাগ থেকে জামায়াত-শিবিরের মালিকানাধীন কয়েকটি পরিবহন কোম্পানিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। সেই পরিবহন কোম্পানিগুলোর সদস্যপদ বাতিলে সমিতি ব্যবস্থা নেবে। স্কুল-কলেজ খুলবে: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেছেন, একাত্তরের খুনি, ধর্ষণকারী ও মানবতাবিরোধীদের বাঁচানোর জন্য জামায়াত-শিবির যে হরতালের ডাক দিয়েছে সেটা মানার কারণ নেই। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যথারীতি চলবে। হরতাল প্রত্যাখ্যান করে সিলেট ও কক্সবাজারে গতকাল রোববারও মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বিশ্ববিদ্যালয় খোলা থাকবে। দোকানপাট খোলা থাকবে: হরতাল প্রত্যাখ্যান করে সারা দেশে দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিকদের সংগঠন বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং এর অঙ্গসংগঠন ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বিপণিবিতানে গতকাল রোববার এক জরুরি বৈঠকে বসে সংগঠন দুটির নেতারা এই সিদ্ধান্ত নেন।ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘হরতাল করার যেমন অধিকার আছে, তেমনি হরতাল না করার অধিকারও আমাদের আছে।’বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব এস এ কাদের সাংবাদিকদের বলেন, ‘জামায়াত-শিবিরের হামলা ঠেকাতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন নেই। এ জন্য আমরা নিজেরাই যথেষ্ট। আমরা বরং ক্রেতাদের বলব, মার্কেটে আসুন, আপনাদের নিরাপত্তার দায়িত্ব মার্কেট কর্তৃপক্ষের।’