গাড়ি চুরি, ছিনতাইয়ে ৫০ চক্রের ৩০০ সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি ও ছিনতাই হওয়া ৫৮৬টি গাড়ি উদ্ধার করেছে। গত ১৫ মাসে এই অপরাধের সঙ্গে জড়িত অভিযোগে ৫৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে ডিবির কাছে গাড়ি চুরি ও ছিনতাইয়ের ৬৯৭টি অভিযোগ আসে।গ্রেপ্তারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসা করে ডিবি পুলিশ রাজধানী ও আশপাশের এলাকায় গাড়ি (প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্যাক্সিক্যাব), সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত প্রায় ৫০টি সংঘবদ্ধ চক্রের সন্ধান পেয়েছে।জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গাড়ি চুরি প্রতিরোধ দলের প্রধান ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, প্রতিটি দলে পাঁচ-ছয়জন করে সদস্য আছে। সবগুলো চক্র মিলে প্রায় ৩০০ সদস্য এই অপকর্মের সঙ্গে যুক্ত। এরা নানা কৌশলে চুরি, অস্ত্রের মুখে চালককে জিম্মি করে গাড়ি ছিনতাই করছে। এসব গাড়ির রং, চেসিস ও ইঞ্জিন নম্বর ঘষামাজা করে বা পাল্টিয়ে এবং জাল কাগজপত্র করে কম দামে বিক্রি করা হয়। এ কাজের জন্য চোরাই চক্রের রয়েছে ভদ্রবেশী বিপণন চক্র।গত ২৯ এপ্রিল ভোরে পল্টনের হোটেল গার্ডেন ইন্টারন্যাশনালের সামনে থেকে অস্ত্রের মুখে একটি প্রাইভেট কার ছিনতাই করা হয়। ৯ মে মহানগর গোয়েন্দা পুলিশ ওই প্রাইভেট কার ছিনতাইয়ে জড়িত অভিযোগে ফেরদৌস ওরফে ফেদুকে গ্রেপ্তার করে। পরে ময়মনসিংহের ত্রিশাল থেকে ফেদুর সহযোগী মোকসেদকে গ্রেপ্তার করে ওই প্রাইভেট কার উদ্ধার করা হয়।গত মার্চ মাসে নগরের যাত্রাবাড়ীর একটি রেন্ট-এ কার থেকে মাইক্রোবাস ভাড়া নিয়ে গাজীপুরের ত্রিপুরায় বর্মি সেতুর কাছে চালক লিটন মোল্লাকে জবাই করে মাইক্রোবাসটি নিয়ে যায় ছিনতাইকারীরা। ডিবি পুলিশ এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তারের পর ১০ এপ্রিল সিলেটের শ্রীমঙ্গল থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে।গত জানুয়ারিতে রাজধানীর গুলশান, তেজগাঁও, ক্যান্টনমেন্ট ও শেরেবাংলা নগর এলাকায় মালিকদের গ্যারেজ থেকে পাঁচটি প্রাইভেট কার ও দুটি মোটরসাইকেল চুরি হয়। ডিবি পুলিশ শীর্ষস্থানীয় সন্ত্রাসী পিচ্চি হেলালের পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করে তাঁদের কবল থেকে এসব প্রাইভেট কার ও মোটরসাইকেল উদ্ধার করে।৫০ চক্র: ডিবির নথিপত্রে দেখা যায়, ঢাকা ও এর আশপাশ এলাকায় ৫০টি চক্র প্রাইভেট কার, মাইক্রোবাস ও ট্যাক্সিক্যাব চুরি ও ছিনতাই নিয়ন্ত্রণ করছে। এদের মধ্যে বাশার গ্রুপ, কেরা বিল্লাহ, আসাদ ও আলমগীর মোহাম্মদপুর-ধানমন্ডি; আজিজুল ওরফে আজিজ, সিরাজ, মাসুম, আনোয়ার ও হারুনের নেতৃত্বে উত্তরা; রাজু আহমেদ ও ফারুক গুলশান এবং লিটন, আব্বাস, তাহের ও জাহিদুলের নেতৃত্বে পৃথকভাবে মিরপুর ও গুলশানে গাড়ি ছুরি ও ছিনতাই হয়।রফিক ও শফিক গ্রুপ মহাখালী-তেজগাঁও; সুজিত চাকমা কাফরুল; ইকবাল ও হানিফের নেতৃত্বে মতিঝিল-সবুজবাগ; খোকন, কামাল, শাহজাহান ও দবিরের নেতৃত্বে রমনা ও মহাখালী; শামীম ও সজীবের নেতৃত্বে শনির আখড়া; রনি ও শহীদুল রামপুরার বনশ্রী; ভাণ্ডারী খোকনের নেতৃত্বে কলাবাগান এবং মার্টিন রোজারিওর নেতৃত্বে পুরান ঢাকায় গাড়ি চুরি-ছিনতাই হয়। এ ছাড়া মিন্টু ও কামাল নামে দুজনের নেতৃত্বে পৃথক দল ঢাকার সব এলাকায় গাড়ি চুরি করে। এই চক্রগুলো ঢাকার আশপাশে তৎপর আছে। বিল্লালের নেতৃত্বে ঢাকায় তৎপর আছে গাড়ির যন্ত্রাংশ চুরি ও ছিনতাই চক্র।যেভাবে চুরি-ছিনতাই হয়: মানিক মিয়া এভিনিউ ও মিরপুর মাজার রোডে ট্যাক্সিক্যাব আরোহী ছিনতাই চক্রের সদস্যরা ইচ্ছা করে পেছন থেকে প্রাইভেট কার বা মাইক্রোবাসে ধাক্কা দেয়। গাড়িচালক ইঞ্জিন চালু রেখে গাড়ি থেকে নেমে প্রতিবাদ জানাতে গেলে চক্রের সদস্যরা ভাগ হয়ে একাধিকজন চালককে অস্ত্র ঠেকায় এবং বাকিরা দ্রুত তাঁর গাড়ি নিয়ে পালিয়ে যায়।আবার যানবাহন কম চলে এমন সড়ক দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা মাইক্রোবাসে করে পিছু নেয় এবং সুযোগ বুঝে সামেন গিয়ে রাস্তা আগলে দাঁড়ায়। এ সময় চালক নেমে পড়লে তারা তাঁকে ধরে গাড়িতে উঠিয়ে মুখে আঠালো টেপ লাগিয়ে দেয় এবং হাত-পা বেঁধে ফেলে। পরে দূরে কোথাও গিয়ে রাস্তার পাশে চালককে ফেলে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়।জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রের সদস্যদের কেউ কেউ মালিকের অধীনে চাকরি নেওয়ার সময় ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে। গাড়ির মালিক তাঁর কর্মস্থল বা ব্যবসাপ্রতিষ্ঠানে গেলে চালক মালিকের সঙ্গে থাকা ব্যাগ বা অন্য ফাইলপত্র যা থাকে তা এগিয়ে দিতে যায়। এই সুযোগে চালকের সঙ্গীরা বিকল্প চাবি ব্যবহার করে গাড়ি নিয়ে যায়।আবার চক্রের সঙ্গে সম্পৃক্ত গাড়িচালকেরা গাড়ি চুরি কিংবা ছিনতাইয়ের উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের চাকরি নিয়ে গোপনে গাড়ির চাবি বানিয়ে নেয়। পরে মালিকের সঙ্গে ঝামেলা পাকিয়ে চাকরি ছেড়ে দেয় এবং সুযোগ বুঝে ওই চাবি ব্যবহার করে গাড়ি চুরি করে।মোটরসাইকেল চুরি-ছিনতাইয়ের কৌশল: চক্রের সদস্যরা চাবি (মাস্টার-কি/এলেন-কি) ব্যবহার করে যেকোনো স্থান থেকে মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। মাস্টার-কি কিংবা কমন-কি মার্কেটে কিনতে পাওয়া যায়। আর এলেন-কি লেদ কারখানায় তৈরি করা হয়। এই চাবি ব্যবহার করে সব ধরনের মোটরসাইকেল ও চাকায় লাগানো তালাও খোলা যায়।গ্রেপ্তার হওয়া কয়েকজন জানান, রাতে রাস্তাঘাটে চক্রের সদস্যরা প্রাইভেট কার ব্যবহার করে মোটরসাইকেলচালকদের পথ আটকায় এবং আরোহীকে মারধর করে মোটরসাইকেল কেড়ে নিয়ে যায়। চুরি হওয়া যানের গন্তব্য: গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, চুরি ও ছিনতাই করা যানবাহনে করে মাদক বহন করা হয়। এসব গাড়ি ব্যবহার করা হয় ছিনতাই ও ডাকাতির কাজেও। কিছু গাড়ির ভুয়া কাগজপত্র তৈরি করে বিক্রি করে দেওয়া হয়। যেসব গাড়ি বিক্রি হয় না, সেগুলো রেন্ট-এ কারের মাধ্যমে ভাড়া দেওয়া হয়।এসি মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, চক্রের সদস্যরা মাদারীপুরের শিবচর, শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা, চাঁদপুর, ফেনী, কুমিল্লা, নারায়ণঞ্জ, মুন্সিগঞ্জ ও চট্টগ্রামে গাড়ি বিক্রি করে। কারণ এসব এলাকায় চক্রের সদস্যদের শক্ত অবস্থান থাকায় এখানে গ্যারেজ ভাড়া করে চোরাই গাড়ি রাখা হয়।মোখলেছুর রহমান বলেন, চক্রের প্রধানদের বেশির ভাগ গ্রেপ্তার হয়েছে। কিন্তু কিছুদিনের মাথায় তারা জামিনে বেরিয়ে এসে আবার একই কাজ করছে।