গাড়ি ছিনতাই মামলায় জামিন পেলেন কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদের মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া গাড়ি ছিনতাই মামলায় গতকাল সোমবার জামিন পেয়েছেন। এদিকে তাঁকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত তিন পুলিশ কর্মকর্তার দ্বিতীয় দফায় বক্তব্য নিয়েছে পুলিশের তদন্ত কমিটি।কাদেরের বিরুদ্ধে খিলগাঁও থানায় পুলিশের করা অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির মামলা দুটিতে তাঁর জামিন আবেদনের শুনানির দিন ধার্য রয়েছে কাল বুধবার।আদালত সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মহানগর হাকিম উ ৎপল চৌধুরী পাঁচ হাজার টাকা মুচলেকায় কাদেরের জামিন মঞ্জুর করেন। কাদেরের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আবদুল মতিন খসরু। অসুস্থতার কারণে কাদেরকে আদালতে হাজির করা হয়নি। তাঁর পক্ষে আদালতে উপস্থিত হন তাঁর বোন জান্নাতুল মাওয়া।জান্নাতুল মাওয়া পরে প্রথম আলোকে বলেন, দুপুরে তাঁর মা মনোয়ারা বেগম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে গিয়ে কাদেরকে জামিনের খবর দেন। এ খবর শুনে কাদের আপ্লুত হয়ে পড়েন।এদিকে কাদেরের ওপর নির্যাতনের ঘটনা তদন্তে পুলিশের গঠিত কমিটির একজন সদস্য বলেন, কমিটি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবার বক্তব্য নিচ্ছে। তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ইতিমধ্যে দুই কর্মদিবস পার হয়ে গেছে। তবে এখনো সিদ্ধান্তে পৌঁছানোর মতো পর্যাপ্ত তথ্য-প্রমাণ সংগৃহীত হয়নি। প্রতিবেদন দাখিলের সময় বাড়ানোর আবেদন করা হয়েছে।তদন্ত কমিটির ওই সদস্য বলেন, গত রোববার কমিটি প্রিজন সেলে গিয়ে কাদেরের বক্তব্য শুনেছে। গতকাল কাদেরের বক্তব্যের লিখিত কপিতে তাঁর স্বাক্ষর এনেছে। স্বাক্ষর নেওয়ার আগে তাঁকে বক্তব্য পড়ে শোনানো হয়। তিনি জানান, এ ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া খিলগাঁও থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন, উপপরিদর্শক আলম বাদশা ও সহকারী উপপরিদর্শক শহীদুর রহমান গতকাল ডিএমপি সদর দপ্তরে দ্বিতীয় দফায় তদন্ত কমিটির মুখোমুখি হন। রোববারও তাঁদের বক্তব্য শুনেছে কমিটি। এ ছাড়া রোববার রাতে কাদেরের খালাতো ভাই রুহুল আমিন খোকনের সঙ্গেও কথা বলেছেন কমিটির সদস্যরা। আজ মঙ্গলবার কমিটি ঘটনাস্থল ও খিলগাঁও থানা পরিদর্শন করতে পারে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার এম আবদুল জলিল মণ্ডল প্রথম আলোকে বলেন, কমিটি ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের সময় বাড়ানোর আবেদন করেছে। এর পরিপ্রেক্ষিতে তাঁদের সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের ছাত্র কাদেরকে গত ১৫ জুলাই গভীর রাতে দুদক কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করে খিলগাঁও থানার পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে ওই থানায় দুটি মামলা করা হয়। এ ছাড়া মোহাম্মদপুর থানায় হওয়া গাড়ি ছিনতাই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। কাদের হাইকোর্টে দেওয়া বক্তব্যে অভিযোগ করেন, গ্রেপ্তারের পর পুলিশ তাঁর ওপর নির্যাতন চালায়।