গাড়ি ছিনতাইয়ের মামলায়ও অব্যাহতি পেলেন কাদের
পুলিশি নির্যাতনের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরকে মোহাম্মদপুর থানায় দায়ের করা গাড়ি ছিনতাইয়ের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম এম এ সালাম অভিযোগপত্র গ্রহণ করে তাঁকে অব্যাহতির আদেশ দেন। ১৫ জানুয়ারি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুর নূর মামলার অভিযোগপত্র দাখিল করেন। কিন্তু তিনি কাদেরের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় মামলা থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান। এরই পরিপ্রেক্ষিতে আজ আদালত প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ছাত্র আবদুল কাদেরকে অব্যাহতি দেন।অন্যদিকে খিলগাঁও থানায় তাঁর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলায় অভিযোগপত্র গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে ২৬ জানুয়ারি শুনানির দিন ধার্য রয়েছে।কাদেরকে গ্রেপ্তারের পর খিলগাঁও থানা-পুলিশ ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি এবং মোহাম্মদপুর থানায় দায়ের করা গাড়ি ছিনতাইয়ের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখায়। মামলা তিনটি মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। তদন্ত সূত্র জানায়, তদন্তে সম্পৃক্ততা না পাওয়ায় গত নভেম্বরে কাদেরের বিরুদ্ধে খিলগাঁও থানায় দায়ের হওয়া অস্ত্র আইনে মামলার অভিযোগপত্র থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।গত ১৫ জুলাই রাত দেড়টার দিকে কাদের হলি ফ্যামিলি ডক্টরস কোয়ার্টারের খালার বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক মুসলিম হলে ফেরার সময় কোনো যানবাহন পাননি। তিনি পায়ে হেঁটে ফিরছিলেন। সেগুনবাগিচায় অবস্থিত দুদক (দুর্নীতি দমন কমিশন) কার্যালয়ের কাছে সাদা পোশাকধারী পুলিশ তাঁকে ধরে অমানবিক নির্যাতন চালায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিলে পুলিশ নির্যাতন আরও বাড়িয়ে দেয়। পুলিশ থানায় নিয়েও তার ওপর শারীরিক নির্যাতন করে। এমনকি তত্কালীন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালউদ্দিন তাঁর দপ্তরে ডেকে নিয়ে বলেন, দেখি চাপাতিতে ধার আছে কি না, বলে কাদেরের পায়ে আঘাত করেন।