গাড়ি থেকে চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় গতকাল শুক্রবার ভোরে ব্যক্তিগত একটি গাড়ি থেকে চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই চালকের নাম হানিফ সিকদার (৩৫)। গাড়িটি সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের নামে এবং এটি ব্যবহার করতেন প্রতিষ্ঠানের পরিচালক মুজিবুল ইসলাম। তিনি ঢাকার আওয়ামী লীগদলীয় সাবেক সাংসদ মকবুল হোসেনের ছোট ছেলে।উত্তরা থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম প্রথম আলোকে বলেন, উত্তরা ৭ নম্বর সেক্টরে ঢাকা-ময়মনসিংহ সড়কের পশ্চিম পাশে সাদা রঙের গাড়িতে পেছনের আসনে লাশটি ছিল। নিহত ব্যক্তির সারা শরীরে ছিল ফোলা জখম, মুখ দিয়ে রক্ত ঝরছিল। গাড়ির দরজাগুলো ছিল খোলা। প্রথমে অজ্ঞাতনামা হিসেবে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। গাড়িটি থানায় নেওয়া হয়। গাড়ি থেকে বিভিন্ন কাগজপত্র, একটি মুঠোফোন ও গাড়ির চাবি পাওয়া যায়। ওই মুঠোফোনে থাকা একটি নম্বরে ফোন করলে সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের এক কর্মকর্তা ধরেন। তাঁর কাছ থেকে নিহত ব্যক্তির পরিচয়, গাড়ির মালিকের নামসহ বিভিন্ন তথ্য জানা যায়। উদ্ধার হওয়া মুঠোফোনটি হানিফের।দুপুরে গুলশান ২ নম্বরের বাসায় মুজিবুল ইসলাম সাংবাদিকদের জানান, সাভারে তাঁর কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান আছে। বৃহস্পতিবার সকালে তিনি বাসা থেকে চালক হানিফসহ গাড়িতে সাভারে যান। সন্ধ্যার দিকে বাসায় ফিরে আবার ধানমন্ডিতে একটি অনুষ্ঠানে যান। রাত সাড়ে ১২টার দিকে তিনি বাসায় ফেরেন। হানিফ তখন গ্যাস ভরার কথা বলে গাড়ি নিয়ে বের হন। তিনি সাধারণত আশপাশের ফিলিং স্টেশন থেকে গ্যাস নিতেন। সকালে তাঁর লাশ উদ্ধারের খবর পান।মুজিবুল বলেন, হানিফ চার বছর ধরে তাঁর গাড়ি চালিয়েছেন এবং গুলশানে তাঁর বাসায়ই থাকতেন। তাঁর জানা মতে, উত্তরায় হানিফের কোনো আত্মীয় নেই। হানিফ প্রায় সময় মুঠোফোনে কথা বলতেন। তিনি এ জন্য তাঁকে বকাও দিতেন।সূত্র জানায়, হানিফের গ্রামের বাড়ি পটুয়াখালী সদরের গাবুয়া গ্রামে। তাঁর স্ত্রী ও দুই সন্তান গ্রামে থাকেন।গুলশানের ওই বাসার নিরাপত্তাকর্মী আমিনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে হানিফ তাঁকে মুঠোফোনে জানান, তিনি মোহাম্মদপুরে এক বোনের বাসায় আছেন, আসতে দেরি হবে।উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হক প্রথম আলোকে বলেন, ‘এটা যে ছিনতাইয়ের ঘটনা নয়, তা স্পষ্ট। এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত। থানায় এ ব্যাপারে হত্যা মামলা হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনে আমরা জোর চেষ্টা চালাচ্ছি।’