গাড়ি না পেলে খুলনা অচল করে দেওয়ার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকামুখী লংমার্চে যাওয়ার জন্য গাড়ি পাওয়া না গেলে খুলনা অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলামের খুলনা জেলা শাখার নেতারা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে নগরের মুসলমান পাড়ার দারুল উলুম মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে তাঁরা এ ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, লংমার্চের উদ্দেশে তাঁদের ঢাকায় যেতে বাধা দেওয়া হচ্ছে।নেতারা বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন পরিবহন কাউন্টারে গিয়ে যানবাহন ভাড়া নিতে চাইলে পরিবহনগুলোর পক্ষ থেকে বলা হয়, প্রশাসন থেকে গাড়ি ভাড়া না দিতে বলা হয়েছে। বাস ভাড়া করতে না পারায় তাঁদের লংমার্চে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এই সিদ্ধান্ত পরিবর্তন না করলে যেকোনো উদ্ভূত পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে। ঢাকায় লংমার্চে যাওয়ার জন্য গাড়ি না পাওয়া গেলে খুলনা অচলসহ বৃহত্তম কর্মসূচি ঘোষণা করা হবে।হেফাজতে ইসলামের খুলনা জেলা শাখার মহাসচিব মুফতি গোলামুর রহমান বলেন, আজ সকাল আটটার মধ্যে হরতালের সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে রোববার খুলনায় হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম খুলনা জেলা শাখার সভাপতি ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মোস্তাক আহমেদ, হেফাজতে ইসলামের জেলা সদস্য সচিব মুফতি গোলামুর রহমান, মাওলানা নাসির উদ্দিন কাসেমী, মাওলানা আসাদুল্লাহ প্রমুখ।