গাড়ি পার্কিং থেকে স্ট্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের ভেতরে স্থায়ী কোনো অটোরিকশা স্ট্যান্ড নেই। ফলে যেখানে-সেখানে যাত্রী ওঠানামা করায় অটোরিকশাগুলো। অবৈধ পার্কিংয়ের জ্বালায় অতিষ্ঠ যাত্রী ও চালক দুই পক্ষই। নগরের বন্দরবাজার কোর্ট পয়েন্ট, ধোপাদিঘীরপাড় ও আম্বরখানা এলাকায় তিনটি অটোরিকশা স্ট্যান্ড থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সম্প্রতি দেখা গেছে, গাড়ি রাখার নির্ধারিত স্থান ছাড়াও অটোরিকশাচালকেরা বিভিন্ন এলাকার মূল সড়ক দখল করে বসে আছেন। কোনো ধরনের অনুমোদন ছাড়াই এসব পরিবহন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে। রায়নগর এলাকার আলী আহমদ জানান, রাস্তার পাশে ছোট ছোট গাড়ি দাঁড় করিয়ে রাখার ফলে হাঁটাচলা পর্যন্ত করা যায় না। এতে করে যানজট আরও বাড়ছে। নগরের চালিবন্দর এলাকার বাসিন্দা সীতেশ সরকার বলেন, ‘এসব অবৈধ স্ট্যান্ড গড়ে ওঠায় যততত্র গাড়ি থামছে। এ অবস্থায় তৈরি হচ্ছে ভয়াবহ যানজট। এতে নির্দিষ্ট সময়ে আমরা গন্তব্যে পৌঁছতে পারি না। এসব নিয়ে সিটি করপোরেশনে অভিযোগ করেও কোনো কাজ হয়নি।’তিনি আরও জানান, নগরের উপশহর, সোবহানীঘাট, শিবগঞ্জ, লামাবাজার, রিকাবীবাজার, পুরোনো মেডিকেল কলেজ রোড, শামীমাবাদ, কাজলশাহ, ধোপা-দিঘীরপাড়, সুরমা মার্কেট, পাঠানটোলা, কুমারপাড়া, টিলাগড়, শিবগঞ্জ, আম্বরখানা, সুবিদবাজার, দরগাগেটসহ অর্ধশতাধিক স্থানে এ রকম অস্থায়ী স্ট্যান্ড তৈরি হয়েছে।