গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা মামলায় সাঈদী ও মুজাহিদ রিমান্ডে
গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল শনিবার ঢাকা মহানগর হাকিম মুন্সি আবদুল মজিদ এঁদের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা মামলায় রমনা থানার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩০ জুন দুজনকে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গতকাল পুলিশ আদালতের অনুমতি নিয়ে তাঁদের রিমান্ডে নেয়। গতকাল মুজাহিদ ও সাঈদীর আইনজীবীরা তাঁদের কারাগারে পাঠাতে আদালতে আবেদন করেন। আইনজীবীরা আদালতকে বলেন, পৃথক তিন মামলায় একটানা নয় দিন তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুজনই অসুস্থ, তাঁদের চিকিৎসার প্রয়োজন। সুস্থ হওয়ার পর তাঁদের রিমান্ডে নেওয়া হোক। শুনানি শেষে আদালত তা নাকচ করে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন শাখার (জিআরও) উপপরিদর্শক (এসআই) রতন শেখ জানান, রাষ্ট্রপতির গাড়িবহরে হামলা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় এই দুজনকে তিন দিনের রিমান্ড শেষে গতকাল আদালতে হাজির করে পল্টন থানার পুলিশ। এ সময় মুজাহিদ ও সাঈদীর আইনজীবীরা তাঁদের জামিনের আবেদন করেন। আদালত আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে পল্টন থানার আরও দুটি মামলায় দুজনকে ছয় দিন রিমান্ডে নেওয়া হয়।ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে করা একটি মামলায় গত ২৯ জুন জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীসহ এই দুজনকে গ্রেপ্তার করা হয়। পরদিন নিজামীসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পৃথক পাঁচ মামলায় মোট ১৬ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।মামলায় অভিযোগ করা হয়, গত ২৭ জুন হরতালের আগের রাতে ছাত্রশিবির, ছাত্রদল ও যুবদল নেতা-কর্মীরা টঙ্গী ডাইভারসন রোডে একটি এবং মগবাজারে ডাক্তারের গলির মুখে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে ১০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়। হরতালের আগের দিন আসামিরা একটি সভা করেন। সভায় বলা হয়, যারা একটি গাড়িতে আগুন দিতে পারবে, তাদের তিন হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে।অভিযোগে আরও বলা হয়, আসামিদের উসকানি ও নির্দেশনায় জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে রমনা এলাকায় গাড়ি পুড়িয়ে চালক সুজন ও ফারুককে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনার অগ্নিদগ্ধ ফারুক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় রমনা থানার পুলিশ বাদী হয়ে মামলাটি করে।