গাড়ি পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি ২০ জুন
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়িতে আগুন লাগানোর ঘটনায় করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় ৪৬ জন নেতার বিরুদ্ধে ২০ জুন অভিযোগ গঠনের শুনানি হবে। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম মো. এরফান উল্লাহ এ তারিখ ধার্য করেন।তেজগঁাও থানায় দায়ের করা এ মামলায় পলাতক আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল আজ। রাষ্ট্রপক্ষ এ প্রতিবেদন দাখিল করার পর আদালত অভিযোগ গঠনের শুনানির ওই তারিখ ধার্য করেন।পলাতক আসামিরা হলেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল হোসেন, ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুল, ছাত্রশিবিরের সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী ও সেক্রেটারি আবদুল জব্বার ওরফে জসিম।৬ জুন এ মামলায় জামায়াত-শিবিরের পলাতক এ চারজন নেতাকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছিলেন আদালত।গত ২৯ এপ্রিল বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা হরতালের পর রাত নয়টা পঁাচ মিনিটে তেজগঁাওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় তেজগঁাও থানার পুলিশ এ মামলা করে। গত ১০ মে ডিবি পুলিশ মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।২৭ মে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল জব্বার ওরফে জসিমের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেয় পুলিশ।