গাড়ি পোড়ানো মামলা স্থগিতে রিটের শুনানি কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী নেতাদের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর অভিযোগে দ্রুত বিচার আইনে করা মামলার বিচারে আদালত গঠনের এখতিয়ার নিয়ে করা রিটের শুনানি কাল সোমবার হবে। হরতাল চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানোর অভিযোগে বিএনপিসহ ১৮ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে মামলাটি করা হয়।আজ রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেন।গত ২৯ জুলাই ওই মামলার আসামি ও বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন রিট আবেদনটি করেন। আজ সকালে আবেদনকারীর পক্ষের আইনজীবী জয়নুল আবেদিন আবেদনটি উপস্থাপন করেন। বেলা সোয়া একটার দিকে এ বিষয়ে শুনানি হয়।শুনানির শুরুতে রিট আবেদনকারীর আইনজীবী রফিক-উল হক বলেন, সিএমএমের আদালত গঠন নিয়ে আবেদনটি করা হয়। অ্যাটর্নি জেনারেল এ মামলার শুনানি করবেন—উল্লেখ করে রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার শুনানি মুলতবির আরজি জানান। একই সঙ্গে তিনি এ সপ্তাহে শুনানি না করার জন্যও আদালতে আরজি জানান। এ সময় রফিক-উল হক বলেন, ৭ আগস্ট বিচারিক আদালতে এ মামলার শুনানির দিন ধার্য রয়েছে। দুই পক্ষের বক্তব্য শুনে আদালত বলেন, ‘কাল প্রথমার্ধে শুনানির জন্য রাখা হলো।’ আদালত ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে বিষয়টি অ্যাটর্নি জেনারেলকে জানিয়ে দিতে বলেন।রিটে সরকার কর্তৃক গেজেট জারির পরিবর্তে ঢাকা মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) দেওয়া আদেশের মাধ্যমে বিচারকের বিচারিক এখতিয়ার নির্ধারণ করে দ্রুত বিচার আদালত-৭ গঠন এবং মামলার চলমান প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না—এ মর্মে রুল চাওয়া হয়। এতে আইনসচিব, মন্ত্রিপরিষদ সচিব, জন প্রশাসন সচিব, মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা ও মহানগর হাকিম মোহাম্মদ এরফান উল্লাহকে বিবাদী করা হয়।রিট আবেদন থেকে জানা যায়, আইনশৃঙ্খলা বিঘ্নকারী (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধিত ২০১০)-এর ৮(১) ধারা অনুযায়ী গেজেট বিজ্ঞপ্তি জারি করে দ্রুত বিচার আদালত গঠন এবং অধিক্ষেত্র নির্ধারণ করবে সরকার। একই সঙ্গে ৮ (২) অনুযায়ী সংশ্লি¬ষ্ট আদালতে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিয়োগ দেবে সরকার। কিন্তু এ ক্ষেত্রে আইনের এ ধারা অনুসরণ না করে মুখ্য মহানগর হাকিম (সিএমএম) গত ৯ মে এক আদেশ দিয়ে মহানগর হাকিম মোহাম্মদ এরফান উল্লাহকে দ্রুত বিচার আদালত-৭-এর দায়িত্ব দিয়েছেন ও চারটি অধিক্ষেত্র নির্ধারণ করেছেন, যা বেআইনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানোর অভিযোগে গত ২৯ এপ্রিল তেজগাঁও থানায় মামলা দায়ের করে পুলিশ। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৪৫ নেতার বিরুদ্ধে গত ১০ মে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ২৭ মে ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আবদুল জব্বারকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার ৪৬ আসামির মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৯ জন জামিনে আছেন। চারজন পলাতক ও তিনজন কারাগারে আটক আছেন।