গাড়ি পোড়ানো মামলা স্থগিতে হাইকোর্টে রিট
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর অভিযোগে বিএনপিসহ ১৮ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে করা মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। এতে মামলার নথি তলবের আরজিও জানানো হয়। ওই মামলার আসামি বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন আজ রোববার রিট আবেদনটি করেন। রিটে সরকার কর্তৃক গেজেট জারির পরিবর্তে ঢাকা মুখ্য মহানগর হাকিমের দেওয়া আদেশের মাধ্যমে বিচারকের বিচারিক এখতিয়ার নির্ধারণ করে দ্রুত বিচার আদালত-৭ গঠন এবং মামলার চলমান প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না—এ মর্মে রুল চাওয়া হয়েছে। এতে আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা ও মহানগর হাকিম মোহাম্মদ এরফান উল্লাহকে বিবাদী করা হয়।রিট আবেদন থেকে জানা যায়, আইনশৃঙ্খলা বিঘ্নকারী (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধিত ২০১০) এর ৮(১) ধারা অনুযায়ী গেজেট বিজ্ঞপ্তি জারি করে দ্রুত বিচার আদালত গঠন এবং অধিক্ষেত্র নির্ধারণ করবে সরকার। একই সঙ্গে ৮(২) অনুযায়ী সংশ্লি¬ষ্ট আদালতে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিয়োগ দেবে সরকার। কিন্তু এ ক্ষেত্রে আইনের এ ধারা অনুসরণ না করে মুখ্য মহানগর হাকিম (সিএমএম) গত ৯ মে এক আদেশ দিয়ে মহানগর হাকিম মোহাম্মদ এরফান উল্লা¬হকে দ্রুত বিচার আদালত-৭-এর দায়িত্ব দিয়েছেন ও চারটি অধিক্ষেত্র নির্ধারণ করেছেন, যা বেআইনি। রিটকারী মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনের ওপর শুনানি হতে পারে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর অভিযোগে গত ২৯ এপ্রিল তেজগাঁও থানায় মামলা দায়ের করে পুলিশ। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের ৪৫ নেতার বিরুদ্ধে গত ১০ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে ২৭ মে ছাত্রশিবির সাধারণ সম্পাদক আবদুল জব্বারকে আসামি করে সম্পূরক চার্জশিট দাখিল করা হয়। মামলার ৪৬ আসামির মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৯ জন জামিনে আছেন। চারজন পলাতক ও তিনজন কারাগারে আটক আছেন। এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর ৩১ জুলাই শুনানির জন্য দিন ধার্য রয়েছে।