গাড়ি পোড়ানো মামলা স্থগিতের মেয়াদ বাড়ল
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর অভিযোগ এনে ১৮-দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে করা মামলায় বিচারিক আদালতের কার্যক্রম স্থগিতাদেশের মেয়াদ তিন মাস বাড়িয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৬ আগস্ট হাইকোর্ট দ্রুত বিচার আদালত-৫-এর কার্যক্রমে আট সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছিলেন। একই সঙ্গে ওই আদালত গঠন কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন। আজ আদালতে আবেদনের পক্ষে মাহবুব উদ্দিন খোকন নিজেই মামলা পরিচালনা করেন। তাঁর সঙ্গে ছিলেন এম বদরুদ্দোজা। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল শফিকুল ইসলাম সিদ্দিকী। মাহবুব উদ্দিন খোকন বলেন, হাইকোর্ট গত ৬ আগস্ট বিচারিক আদালতের কার্যক্রম আট সপ্তাহের জন্য স্থগিতের আদেশ দিয়েছিলেন। অবকাশ শেষে আদালত খোলার সময় তাড়াহুড়ো হতে পারে। তাই আজ আবেদনটি করা হয়।গত ২৯ জুলাই ওই মামলার আসামি ও বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন রিট আবেদনটি করেন। পরে ৬ আগস্ট বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে একজন বিচারপতি শুনানি গ্রহণে বিব্রত বোধ করেন। এরপর আবেদনটি বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে নিয়ে যাওয়া হয়। এই বেঞ্চ মামলার বিচারিক আদালত দ্রুত বিচার আদালত-৫-এর কার্যক্রমে আট সপ্তাহের স্থগিতাদেশ দেন।