গাড়ি পোড়ানো মামলা: স্থগিতাদেশ প্রত্যাহারে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি পোড়ানোর অভিযোগে বিরোধী নেতাদের বিরুদ্ধে করা মামলার বিষয়ে হাইকোর্টের আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ রোববার সকালে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটি তুলে ধরা হয়। কাল সোমবার এ আবেদনের ওপর শুনানি হতে পারে।হরতাল চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানোর অভিযোগে বিরোধী ১৮ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের ওই বেঞ্চ ৬ আগস্ট ওই মামলায় বিচারিক আদালতের কার্যক্রমে (দ্রুত বিচার আদালত-৫) আট সপ্তাহের স্থগিতাদেশ দেন। এই আদেশ প্রত্যাহার চেয়ে আজ রাষ্ট্রপক্ষ আবেদন করেছে।এ ব্যাপারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইকরামুল হক প্রথম আলো ডটকমকে বলেন, সকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আবেদনটি উপস্থাপন করেন। কাল বিষয়টি আদেশের জন্য কার্যতালিকায় আসবে। এর আগে শুনানি হতে পারে।বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একই সঙ্গে ওই আদালত গঠন কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে ৬ আগস্ট রুল জারি করেন। দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।গত ২৯ জুলাই ওই মামলার আসামি ও বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন রিট আবেদনটি করেন।হরতাল চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানোর অভিযোগ এনে গত ২৯ এপ্রিল তেজগাঁও থানায় মামলা করে পুলিশ। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৪৫ নেতার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় গত ১০ মে। পরে ২৭ মে ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আবদুল জব্বারকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার ৪৬ আসামির মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৯ জন জামিনে, চারজন পলাতক ও তিনজন কারাগারে আটক আছেন।গত ৩১ জুলাই এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।