গাড়ি পোড়ানো মামলায় অভিযোগ গঠনের শুনানির ৩ জুলাই
প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৪৬ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৩ জুলাই তারিখ ধার্য করেছেন আদালত।আজ বুধবার জোট নেতাদের আইনজীবীদের সময় চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম মো. এরফান উল্লাহ এই তারিখ ধার্য করেন।ডেইলি স্টার অনলাইন জানায়, ৪৬ আসামির মধ্যে মির্জা ফখরুলসহ ১৪ জন আদালতে উপস্থিত ছিলেন। তবে এ মামলায় এখনো জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদসহ চারজন পলাতক রয়েছেন।অন্যদিকে জাতীয় সংসদের চলতি অধিবেশনের কারণে ব্যস্ত থাকায় বিএনপির সাংসদ এম কে আনোয়ার, মাহবুব উদ্দিন খোকন, শহীদ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমদ আদালতে হাজির হতে পারেননি বলে তাঁদের আইনজীবীরা আদালতকে জানান।সাদেক হোসেন খোকা অসুস্থ থাকায় হাজির হতে পারেননি। অন্য ২২ জন আসামি অন্যান্য মামলায় এখনো কারাগারে আটক থাকায় হাজির হতে পারেননি।গত ২৯ এপ্রিল বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা হরতালের পর রাত নয়টা পাঁচ মিনিটে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় তেজগাঁও থানার পুলিশ এ মামলা করে। গত ১০ মে ডিবি পুলিশ মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।২৭ মে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল জব্বার ওরফে জসিমের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেয় পুলিশ।১৬ জুন মহানগর হাকিম এরফান উল্লাহ আসামিদের জামিন আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠান।৭ ও ১৪ জুন সব আসামি এ মামলা থেকে জামিন পান।১৩ জুন আদালত এ মামলার অভিযোগের গঠনের শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।