গাড়ি পোড়ানো মামলায় গ্রেপ্তার ২১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাস পোড়ার ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার আদালতের মাধ্যমে তাঁদের জেল হাজতে পাঠানো হয়েছে। গতকাল রাতে নগরের মতিহার, বোয়ালিয়া ও রাজপাড়া থানার বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের আটক করে। নগরের মতিহার থানায় গ্রেপ্তার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র দেলোয়ার হোসেন, সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী মেহেরুন হাসান, ভর্তি পরীক্ষার্থী নাজমুস সাদাত, আবদুল আজিজ ও বিশ্ববিদ্যালয় হিসাব শাখার কর্মকর্তা আবদুল মান্নান মোল্লা। বোয়ালিয়া ও রাজপাড়া থানা এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন আতিক মাহবুব, সোহেল রানা, মনিরুল ইসলাম, সাইফুল ইসলাম, জাকারিয়া আলী, সাদিউল ইসলাম, সানোয়ার হোসেন, লুত্ফর রহমান, বদর উদ্দিন, রাসেল হোসেন, রিয়াল উদ্দিন, আল আমিন, ও আসাদুজ্জামান। গ্রেপ্তার হওয়া অপর তিনজনের নাম জানা যায়নি। বাস পোড়ানো মামলার তদন্ত কর্মকর্তা মতিহার থানার উপপরিদর্শক সেলিম রেজা বলেন, তিন থানায় গ্রেপ্তার হওয়া ২১ জনকে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। একটি মামলা বিশ্ববিদ্যালয়ের বাস পোড়ানোর অভিযোগে এবং অন্যটি কিছুদিন আগে মতিহার থানার কাটাখালী এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় করা হয়েছে। গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভানো হয়। এ ঘটনায় গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বারি বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মতিহার থানায় সরকারি মালামাল ধ্বংসের অভিযোগে মামলা করেন।