গাড়ি পোড়ানো মামলায় জামিন পেলেন ডিপজল
রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় চলচ্চিত্র অভিনেতা ও ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার হোসেন ডিপজল জামিন পেয়েছেন।মহানগর দায়রা জজ জহুরুল হক আজ সোমবার এক আইনজীবীর জিম্মায় ডিপজলের জামিন মঞ্জুর করেন।বিএনপি আহুত গত বছরের ২৭ জুন হরতালের সময় মিরপুর এলাকায় একটি গাড়ি পোড়ানো হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় ডিপজলকে গ্রেপ্তার দেখানো হয়।এর আগে ১৬ নভেম্বর রাজধানীর গাবতলীতে ট্রাফিক সিগন্যাল অমান্য করে যাওয়ার সময় গাড়ি আটকালে ডিপজল ট্রাফিক পুলিশের এক সদস্যকে মারধর করেন। এ সময় তিনি ওই পুলিশ সদস্যকে অস্ত্র দেখিয়ে ভয় দেখান বলেও অভিযোগ রয়েছে। পরে পুলিশের ওই সদস্য মামলা করলে পুলিশ ডিপজলকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায়। ১২ দিন পালিয়ে থাকার পর ২৮ নভেম্বর রাতে ডিপজল রাজধানীর দারুস সালাম থানায় আত্মসমর্পণ করেন।পরে এই মামলায় ১৯ ডিসেম্বর তিনি জামিন পেলেও তাঁকে আবার গাড়ি পোড়ানো মামলায় কারা ফটক থেকে গ্রেপ্তার করেছিল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।