গাড়ি পোড়ানোর মামলায় জামিন পেলেন খোকা
প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানোর মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা। চিকিত্সা শেষে দেশে ফিরে তিনি আজ বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে মহানগর হাকিম হারুন-অর-রশীদ তা মঞ্জুর করেন।গত মঙ্গলবার এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে দ্রুত বিচার আইনে বিচার শুরু হয়। চিকিত্সার কারণে সিঙ্গাপুরে থাকায় সাদেক হোসেন খোকা ওই দিন আদালতে হাজির হতে পারেননি। একই সঙ্গে ওই দিন খোকার জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাঁর আইনজীবী সময় চেয়ে আবেদন করেন। কিন্তু আদালত তা নাকচ করে সাদেক হোসেন খোকা, আমানউল্লাহ আমান ও নাজিমউদ্দিন আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।গত ২৯ এপ্রিল বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা হরতালের পর রাত নয়টা পাঁচ মিনিটে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় তেজগাঁও থানার পুলিশ মামলা করে। গত ১০ মে ডিবি পুলিশ প্রথমে মির্জা ফখরুল ইসলামসহ ৪৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ২৭ মে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল জব্বার ওরফে জসিমের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেয় পুলিশ।এ মামলায় জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, জামায়াতের নেতা নুরুল ইসলাম, ছাত্রশিবিরের সভাপতি দেলোয়ার হোসাইন সাঈদী ও সাধারণ সম্পাদক আবদুল জব্বার পলাতক।