গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের শেষ দিন গতকাল বৃহস্পতিবারও দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। যশোরে বুধবার দিবাগত রাতে ‘পিকেটারদের ধাওয়ায়’ সিমেন্টবাহী ট্রাক উল্টে তিন শ্রমিক নিহত হন।লালমনিরহাটে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে হরতাল-সমর্থকেরা। সাতক্ষীরায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। চাঁদপুরে রেললাইনে আগুন দিয়েছে পিকেটাররা। দেশের বিভিন্ন স্থানে পুলিশের সদস্যসহ ৪৫ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে অন্তত ৬৩ জনকে। এ ছাড়া কমপক্ষে ৫৮টি যানবাহনে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে।রাজধানীতেও বিক্ষিপ্তভাবে যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ বলেছে, নাশকতার অভিযোগে বিভিন্ন স্থান থেকে ২৮ জনকে আটক করা হয়েছে। তবে বিএনপি দাবি করেছে, এই সংখ্যা অর্ধশত। ভ্রাম্যমাণ আদালত একজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন।বিএনপি দাবি করেছে, গতকাল সারা দেশ থেকে ১৯৩ জনকে আটক করা হয়েছে। এ সময় পুলিশ ও সরকারদলীয় লোকদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে ৩৫৭ জন। হরতালের দুই দিনে আটক হয়েছে ৫৭৫ জন এবং আহত হয়েছে ৯৩৫ জন।যশোর: সদর উপজেলার পদ্মবিলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গত বুধবার রাত ১২টার দিকে ট্রাক উল্টে তিন শ্রমিক নিহত হন। গুরুতর আহত অপর শ্রমিককে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন শ্রমিক সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ট্রাকে ছিলাম। হঠাৎ ঢিলের আঘাতে কাচ ভাঙার শব্দ শুনতে পাই। এ সময় চালকের পাশে থাকা দুজন চিৎকার শুরু করেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে চলে যায়। আমরা ট্রাকের সিমেন্টের নিচে চাপা পড়ি। আমি কোনো রকমে বেঁচে গেছি।’বিভিন্ন সূত্রে জানা যায়, মংলা থেকে সিমেন্টবোঝাই ট্রাকটি পদ্মবিলা এলাকায় পৌঁছালে পিকেটাররা ইটপাটকেল ছোড়ে এবং ধাওয়া করে। হামলা এড়াতে চালক ট্রাকের গতি বাড়িয়ে দিলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কয়েকটি গাছ ভেঙে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই শ্রমিক উজ্জ্বল বিশ্বাস এবং হাসপাতালে নেওয়ার পথে শ্রমিক আ. জলিল ও মো. মোসলেম মারা যান।যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বলেন, হরতাল-সমর্থকদের ধাওয়ায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়েছে কি না, সেটি নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পরপরই চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। ট্রাকটি উদ্ধার করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে।লালমনিরহাট: সদর উপজেলার খুনিয়াগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খুনিয়াগাছ উচ্চবিদ্যালয়ে হরতালকারীদের হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ কমপক্ষে ১৪ জন আহত হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাই অভিযোগ করেন, সকাল সাড়ে ১০টার দিকে ক্লাস চলার সময় হরতাল-সমর্থক শতাধিক ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে বিদ্যালয়ে হামলা চালায়। তারা শ্রেণীকক্ষে ঢুকে বেঞ্চ, চেয়ার, টেবিলসহ অন্য আসবাবপত্র ভাঙচুর করে এবং বইপত্র ছিঁড়ে ফেলে। শিক্ষকেরা বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁদের লাঞ্ছিত করা হয়। হামলায় অন্তত ১৪ জন শিক্ষক-শিক্ষার্থী আহত হয়। শিক্ষার্থীদের অনেকে বই, খাতা ও স্যান্ডেল ফেলে কাঁদতে কাঁদতে চলে যায়। একপর্যায়ে শিক্ষিকা নাজনীন জাহান বিদ্যালয়ের মাইক নিয়ে ‘স্কুলে হামলা হয়েছে, শিশুদের বাঁচান—এমন সাহায্য চাইলে এলাকাবাসী ও অভিভাবকেরা ছুটে আসেন। এ সময় হামলাকারীরা দ্রুত চলে যায়।নাজনীন জাহান বলেন, ‘স্কুলের আমানত শিশুশিক্ষার্থীদের হামলার হাত থেকে বাঁচাতে মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসী ও অভিভাবকদের এগিয়ে আসতে বলি।’একই সময়ে হামলাকারীদের একটি দল পাশের উচ্চবিদ্যালয়েও হামলা চালায়। তখন শিক্ষার্থীদের অ্যাসেম্বলি চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা জাতীয় পতাকা নামিয়ে ফেলে সেই বাঁশ দিয়ে শিক্ষার্থীদের মারার চেষ্টা করে।উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন জানান, হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।খুনিয়াগাছ প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র আহত মাসুদ রানা বলেছে, ‘ওরা স্কুলের স্যারোক মারছে, মোকো থাপড়াইছে, ধাক্কেয়া ফেলে দিছে।’ অভিভাবক মো. নুরুন্নবী বলেন, ‘স্কুলের আপার মাইকিং শুনিয়া স্কুলোত আসি দেখোং ধুলায় আন্ধার (অন্ধকার), ছাওয়ারা (বাচ্চা) কান্দাকাটি করি দৌড়ে পালাবার নাগছে।’লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, ‘হামলার ঘটনায় বিএনপির কেউ জড়িত নয়। তারা নিজেরাই নিজেদের ওপর হামলা চালিয়ে আমাদের দোষারোপ করছে।’ তিনি বলেন, ‘স্কুল এলাকায় আমাদের সাইনবোর্ড আওয়ামী লীগের লোকজন নষ্ট করেছে।’ লালমনিরহাট সদর থানার ওসি জমির উদ্দিন জানান, এ ঘটনায় বিদ্যালয় দুটির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।সাতক্ষীরা: সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতা এলাকায় গতকাল সকাল ছয়টার দিকে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক কনস্টেবল গুলিবিদ্ধ হন। এ সময় পুলিশের আরও দুই সদস্যসহ ১৫ জন আহত হন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জামায়াত-শিবিরের অন্তত ৪০০ নেতা-কর্মী সংঘবদ্ধ হয়ে বিনেরপোতা এলাকায় মিছিল করেন। তাঁরা সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিসিক শিল্পনগরের সামনে সড়ক খুঁড়ে ও গাছ কেটে অবরোধের চেষ্টা করেন।সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) শহীদ হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সংঘর্ষ শুরু হয়। তিনি অভিযোগ করেন, জামায়াত-শিবির গুলি চালালে কনস্টেবল আনিসুর রহমান গুলিবিদ্ধ হন। এ ছাড়া সংঘর্ষে মোস্তাফিজুর রহমান ও রেজাউল করিম আহত হন। এসআই শহীদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পিস্তল দিয়ে পাঁচটি ও শটগান দিয়ে ১০টি গুলি ছোড়ে। আহত পুলিশ সদস্য মোস্তাফিজুর ও রেজাউলকে প্রথমে সাতক্ষীরা এবং পরে খুলান হাসপাতালে পাঠানো হয়।সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আমিনুর রহমান অভিযোগ করেন, পুলিশের গুলিতে তাঁদের অন্তত ১৪ জন নেতা-কর্মী আহত হয়েছেন। রাজধানী: হরতালের সমর্থনে তেমন কোনো পিকেটিং ছিল না। কোথাও ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের জড়ো হতে দেখা যানি। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ছিল প্রায় নেতা-কর্মীশূন্য।রাস্তায় গণপরিবহন ছিল খুবই কম। এতে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। বাসস্টপেজগুলোতে অফিসগামী লোকজনকে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে দেখা গেছে।সকাল আটটার দিকে নয়াপল্টনের নাইটিঙ্গেল মোড়ে মিছিল থেকে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় এবং যানবাহনে ইটপাটকেল ছোড়া হয়। পুলিশ এ সময় কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে এবং সেখান থেকে দুজনকে আটক ও একটি তাজা ককটেল উদ্ধার করে।সকাল সাড়ে সাতটার দিকে পুরান ঢাকার দোলাইরপাড় মোড় থেকে ছাত্রশিবিরের মহানগর (পূর্ব) কমিটির ৪০-৫০ জন নেতা-কর্মী মিছিল বের করেন। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে দুজনকে আটক করে। মিছিলকারীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। একই সময়ে পুরান ঢাকার আহসান মঞ্জিলের সামনে থেকে ছাত্রশিবিরের একটি মিছিল বের হলে ছাত্রলীগের কর্মীরা ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।মিরপুর ১ নম্বর সেকশনের মাজার রোডে প্রাইম ইউনিভার্সিটির সামনে সকাল ছয়টার দিকে হরতালকারীরা পোশাকশ্রমিক বহনকারী বাস ভাঙচুর করে।সকাল আটটার দিকে মিরপুর কমার্স কলেজের সামনে শিবিরের কর্মীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান। একই সময়ে মিরপুর বাঙলা কলেজের সামনে দু-তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেল রেখে পালিয়ে যায় হামলাকারীরা।সকাল সাড়ে আটটার দিকে সেগুনবাগিচায় বারডেম-২ হাসপাতালের সামনে সিএনজিচালিত একটি অটোরিকশা ভাঙচুর করে পিকেটাররা। আহত চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।একই সময়ে লক্ষ্মীবাজার এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের মিছিল থেকে যানবাহনে ইটপাটকেল ছোড়া হয়। পুলিশ রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে।আরমানিটোলায় বেলা সাড়ে ১১টার দিকে সাত-আটজন হরতাল-সমর্থক রাস্তার ওপর ব্যানার, বস্তাসহ পরিত্যক্ত কাপড়ে কেরোসিন ঢেলে আগুন ধরানোর চেষ্টা করে। পুলিশ এগিয়ে গেলে তারা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে তারা গলির ভেতরে ঢুকে পড়লে পুলিশও পিছু নেয়। তারা আশপাশের বাড়িতে ঢুকেছে সন্দেহে পুলিশ কয়েকটি বাড়ি তল্লাশি করে। তবে এ সময় পুলিশ বন্দুক তাক করে রাখায় বাড়ির লোকজন ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। চাঁদপুর: চাঁদপুর-লাকসাম রেলপথের দর্জিঘাট এলাকায় সকালে রেললাইনের স্লিপারে আগুন দিয়েছে হরতাল-সমর্থকেরা। বিভিন্ন জায়গায় গাছ ফেলে অবরোধ করা হয়। শহরের ষোলঘর এলাকায় বিএনপি মিছিল করলে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়। চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) আমির জাফর জানান, ১০ পিকেটারকে আটক করা হয়েছে। চট্টগ্রাম: নগরের বন্দর থানার নিমতলা মোড়ে দুপুরে হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। বন্দর থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, এ সময় একটি ফাঁকা গুলি ছোড়া হয়।বিকেলের আগেই বন্দর এলাকায় পুরোদমে ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান চলাচল শুরু করে। নগরের বিভিন্ন মোড়ে যানজটেরও সৃষ্টি হয়। বরিশাল: ইজিবাইক, অটোরিকশা, টেম্পোসহ অন্তত অর্ধশত যানবাহন ভাঙচুর করে পিকেটাররা। এতে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়। পুলিশ তিনজনকে আটক করেছে।রাজশাহী: শিবিরের কর্মীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়ে। মোটরসাইকেলসহ শিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। বিনোদপুরে মিছিলের প্রস্তুতিকালে চারজনকে আটক করা হয়।নোয়াখালী: বিভিন্ন সড়কে টায়ারে আগুন দিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়। নাশকতার আশঙ্কায় বুধবার রাতে বিভিন্ন এলাকা থেকে জামায়াত-শিবির ও বিএনপির ২৭ জন নেতা-কর্মীকে আটক করে পুলিশ। ত্রিশাল (ময়মনসিংহ): জামায়াতের নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বগারবাজার এলাকায় তিনটি টেম্পো ভাঙচুর করা হয়।ফেনী: পাঁচটি ইজিবাইক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ঘটানো হয় ককটেল বিস্ফোরণ। তিনজনকে আটক করা হয়েছে।[ প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন ঢাকা ও ঢাকার বাইরের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা]