গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগে মুজাহিদ-সাঈদীর যোগসাজশ পেল ডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্টন থানায় দায়ের করা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় জিজ্ঞাসাবাদে ওই ঘটনার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এবং নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর যোগসাজশ পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার মিন্টু রোডে ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ডিবির উপ-কমিশনার মনিরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, জামায়াতের নেতা-কর্মীরা কেন্দ্রের নির্দেশ ছাড়া কোনো কাজ করেন না। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মুজাহিদ ও সাঈদীর সম্পৃক্ততা পাওয়া গেছে। তিনি আরও জানান, পল্টন থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা জিল্লুর রহমান দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করছেন। ডিবি পুলিশ তাঁকে সহযোগিতা করছেন। পল্টন থানায় রেখে তাঁদের জিজ্ঞাসাবাদের মতো অবকাঠামোগত সুবিধা না থাকায় ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ দুজনকে জিজ্ঞাসাবাদ করা শেষ হলে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে জিজ্ঞাসাবাদ করা হবে। গত ২৯ জুন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে পুলিশ গ্রেপ্তার করে। পরে পাঁচটি মামলায় তাঁদের ১৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।