গাড়ি ভাঙচুর দণ্ডনীয় অপরাধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৫ সেপ্টেম্বর রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেটে গাড়িচাপা পড়ে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র আরিফ রহমানের মৃত্যুর ঘটনা গতিজড়তার নেশায় বুঁদ নগরবাসীর হূৎপিণ্ডের রক্তসঞ্চালন যেন ক্ষণিকের জন্য থামিয়ে দিয়েছিল। এমন একজনকেও পাওয়া যাবে না, যে এক সেকেন্ডের জন্য হলেও নিজের পরিণতি ওই ছাত্রটির মতো হওয়ার আশঙ্কার কথা ভাবেনি কিংবা যন্ত্রণায় কাতর মৃত্যুর অসীম পথের যাত্রী ওই ছাত্রটিকে কল্পনার চোখে দেখেনি। এই অপূরণীয় ক্ষতির স্বীকৃতি জানিয়ে তুলে ধরব সেই গাড়িচালকের অপরাধকে, যিনি উপরিউল্লিখিত দুর্ঘটনার সঙ্গে জড়িত না থেকেও একই কোম্পানির অন্য গাড়িচালক হওয়ার অপরাধে গণপিটুনি খেয়ে আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। অনেকে হয়তো গাড়িচালকদের ভর্ৎসনা করতে কলমের গর্জনে প্রকম্পিত করে তুলবেন চারদিক, হয়তো ট্রাফিক আইন না মানা, যেখানে-সেখানে লোক ওঠানো ইত্যাদি অপবাদে রঙিন করে তুলবেন গাড়িচালক আর সহকারীদের। এসব অপ্রিয় সত্য উপাত্তের বিপক্ষে আমার অবস্থান নয়, কিন্তু আমার অবস্থান সেই চালক আর সহকারীর পক্ষে, যাঁদের কোনো সংশ্লিষ্টতাই নেই উপরিউক্ত দুর্ঘটনার সঙ্গে, অথচ নিয়তি তাঁদের বিপক্ষ নিয়েছে আর বাঁকা ঠোঁটে হেসেছে তাঁদের নির্মম পরিণতি দেখে।২৫ সেপ্টেম্বর বিকেল পাঁচটা ১০ মিনিটে সংঘটিত সেই দুর্ঘটনায় পলাতক চালক আর সহকারীর দোষ যথাযথ তদন্তের মাধ্যমে তা বের করা সম্ভব। যদি প্রমাণিত হয় যে চালক ও সহকারীর ইচ্ছাকৃত বা জ্ঞানবশত পদক্ষেপের কারণে এ দুর্ঘটনা ঘটে, তবে ১৮৬০ সালের দণ্ডবিধির ৩০৪ বি নম্বর বিধান অনুযায়ী তাঁদের শাস্তি হতে পারে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা জরিমানা। ঘটনার পারিপার্শ্বিকতা এবং ক্ষতির কলেবর বিবেচনায় এ শাস্তির বিধান অপ্রতুল বলে আমার ব্যক্তিগত অভিমত, এবং আমার বিশ্বাস, আইনপ্রণেতারা বিষয়টাকে আমলে নেবেন। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল চালক ও সহকারী জনতার মুহুর্মুহু আঘাতে জর্জরিত হলেন। মাথার খুলিতে গুরুতর আঘাত পাওয়া চালক আর শরীরের নিম্নাংশে আঘাত পাওয়া সহকারীর গোঙানিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠল। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী শুধু তখনই কারও বিরুদ্ধে শাস্তির বিধান হতে পারে, যখন তার অপরাধের সমস্ত উপাদান (বাহ্যিক ও মনস্তাত্ত্বিক উপাদান) সার্বিক সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ করা যায়। অথচ নিরপরাধ কাউকে যদি অন্যের অপরাধের জন্য শাস্তি দেওয়া হয়, তবে বিচারের বাণী অন্ধকারে পথ হাতড়ে বেড়াবে, আর প্রহসনের উদাহরণ তৈরি করে বেড়াবে চারদিক। আমরা বন্ধুর শোকে কাতর হয়ে গাড়ি ভেঙেছি এবং চালক-সহকারীকে আঘাত করেছি কিংবা কোনো পথচারী এই ভেবে আঘাত করেছে যে একটি শিক্ষিত ছেলেকে জাতির একটি সম্ভাবনাময় কান্ডারিকে জাতি হারিয়েছে, যা মেনে নেওয়া যায় না। তারা একবারও কি ভেবেছে, যে নিরপরাধ চালক বা সহকারীকে আঘাত করেছে, তাঁরাও কারও বন্ধু, ভাই বা সন্তান? হয়তো তাঁদের জন্য তাঁদের বৃদ্ধা মা ভাত নিয়ে বসে আছেন, হয়তো ছোট্ট মেয়েটি ঘুমুচ্ছে না বাবার ফিরে আসার প্রতীক্ষায়, হয়তো তাঁর স্ত্রী নির্ঘুম রজনী কাটাচ্ছেন, আর প্রতি মুহূর্তে শঙ্কিত থাকছেন কখন তাঁর মৃত্যুর সংবাদ শোনেন।জনতা সেই চালক ও সহকারীকে শাস্তি দিল, তারা ফৌজদারি বিধি অনুযায়ী এখানে কোনো পক্ষই না। অথচ শাস্তি দেওয়ার মাধ্যমে তারা নিজেরা কয়েকটি অপরাধ করে ফেলল। দণ্ডবিধি আইন ১৮৬০-এর বিভিন্ন ধারার আলোকে। চালকের মৃত্যু হলে সম্ভাব্য অপরাধ হতে পারে নরহত্যা (ধারা ৩০০), যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড (ধারা ৩০২) অথবা অবহেলাবশত কারও মৃত্যু ঘটানো (৩০৪ বি), যার সর্বোচ্চ শাস্তি পাঁচ বছরের কারাদণ্ড। যদি চালক বেঁচে যান, তবে তা হতে পারে হত্যার প্রচেষ্টা (৩০৭), যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন অথবা গুরুতর জখম (৩২০ বা ৩২২ বা ৩২৬), যার শাস্তি যাবজ্জীবন পর্যন্ত (৩২৫, ৩২৬)। যদি কেউ চুরির উদ্দেশ্যে ঢুকে লুটতরাজ বা কাউকে আঘাত করে (ধারা ৩৯০ বা ৩৯৭), তবে এর সর্বোচ্চ শাস্তি ১০ বছর (৩৯২) এবং সর্বনিম্ন হবে সাত বছর পর্যন্ত (৩৯৭)। এ ছাড়া যেসব অভিযোগ আসতে পারে, তা হলো সম্পদের ক্ষতিসাধন (ধারা ৪২৫), যার শাস্তি হতে পারে তিন মাস (ধারা ৪২৬), পুলিশের কাজে বাধা (ধারা ১৮৬ বা ৩৫৩), যার শাস্তি ছয় মাস থেকে তিন বছর পর্যন্ত (১৮৮ বা ৩৫৩), কাউকে অন্যায়ভাবে সামনে অগ্রসর হতে বাধা দেওয়া (ধারা ৩৩৯), যার শাস্তি এক মাস (৩৪১) অথবা রাস্তা বন্ধ করে জনতার ক্ষতি করা (২৯০), যার শাস্তি হতে পারে জরিমানা, অন্য যাত্রীদের জীবন ঝুঁকিতে ফেলা (৩৩৭), যার সর্বোচ্চ শাস্তি ছয় মাস জেল ইত্যাদি। কোনো এক মনীষীকে উদ্ধৃত করব, যিনি বলেছিলেন, আইন গরিবদের পিষ্ট করে, কারণ আইন ধনীরা বানায়। অবিলম্বে প্রকৃত দায়ী চালককে গ্রেফতার করা হোক। আরিফের মতো নক্ষত্রদের অস্বাভাবিক মৃত্যু আর একটিও দেখতে চাই না।লেখক  বার-অ্যাট-ল, জ্যেষ্ঠ প্রভাষক, নর্দার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ