গাড়ি ভেঙে রোডমার্চ করলে খবর আছে, হুমকি মোদাচ্ছের আলীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজকল্যাণবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেছেন, ‘বিএনপির রোডমার্চ সফল করতে সরকার সহায়তা দেবে। তবে গাড়ি ভেঙে রোডমার্চ করতে চাইলে খবর আছে। কেননা, জনগণকে দেখে রাখার দায়িত্ব আমাদের।’আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ কর্মশালায় উপদেষ্টা এসব কথা বলেন। বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে গণমাধ্যমকর্মীদের জন্য টেলিভিশনের ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিপ্রেক্ষিত’ এ কর্মশালার আয়োজন করে।বিরোধী দলকে উদ্দেশ করে সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, মরা গাছে খামাখা পানি না ঢেলে নতুন চারা লাগান। মরা গাছে পানি দিলে গাছ তাজা হয় না।উপদেষ্টা বলেন, ‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলকেও উপদেশ দেওয়ার ক্ষমতা আমার আছে। সরকার বিএনপিকে সফল সম্মেলন করতে দিয়েছে। সংগঠিত হওয়ার সুযোগ দিয়েছে। আপনারা দল সংগঠিত করার সুযোগ গ্রহণ করেন। ছাত্রদলকে সংগঠিত করেন।’বর্তমানের নির্বাচিত সরকার নতুন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, অসাংবিধানিকভাবে যাতে কেউ ক্ষমতা দখল করতে না পারে, সেই পথ রুদ্ধ করতে হবে।উপদেষ্টা নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে বিএনপি আলোচনায় বসতে পারে বলেও উল্লেখ করেন।কর্মশালায় বক্তারা জানান, দেশে বছরে ৬০ লাখ শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়। এর মধ্যে ৫০ হাজার শিশু মারা যায়। শিশুকে বুকের দুধ খাওয়ানো, বুকের দুধের পাশাপাশি সম্পূরক খাবার দেওয়া এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে শিশু বেড়ে উঠলে এ রোগটি প্রতিরোধ করা সম্ভব। এর পাশাপাশি সরকারের টিকাদান কর্মসূচিতে বিনা মূল্যে নিউমোনিয়ার টিকা অন্তর্ভুক্ত করাও জরুরি।নিউমোনিয়া প্রসঙ্গে উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, ‘নিজে চিকিত্সক হয়েও নিউমোনিয়ার ভয়াবহতা নিয়ে বলতে গেলে অজ্ঞই ছিলাম।’ নিউমোনিয়া প্রতিরোধে সরকারের যেসব গাফিলতি আছে এর জন্যও উপদেষ্টা ক্ষমা চান।কর্মশালায় গণমাধ্যম ব্যক্তিত্ব মনজুরুল আহসান বুলবুল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশতাক হোসেন, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মশিউর রহমান বক্তব্য দেন। কর্মশালায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন পরিপ্রেক্ষিতের উপস্থাপক সৈয়দ বোরহান কবীর।