গাড়ি-মার্চ করে যুদ্ধাপরাধীদের বাঁচানো যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে রোডমার্চের নামে গাড়ি-মার্চে নেমেছে বিএনপি। তবে বিরোধী দলের মনে রাখা দরকার, গাড়ি-মার্চ করে আর যা-ই হোক, যুদ্ধাপরাধীদের বাঁচানো যাবে না।আজ শনিবার সকালে কিশোরগঞ্জের ভৈরবে দৈনিক গৃহকোণ পত্রিকার প্রকাশনা উত্সবে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।মন্ত্রী উপস্থিত জনতার কাছে জানতে চান গোলাম আযম, দেলাওয়ার হোসাইন সাঈদী, মতিউর রহমান নিজামী ও সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধী কি না? তাঁদের কাছ থেকে ‘হ্যাঁ’ সূচক জবাব পেয়ে মন্ত্রী বলেন, আদালতের নির্দেশ পেলে গোলাম আযমকে গ্রেপ্তার করা হবে।স্বরাষ্ট্রমন্ত্রী খালেদা জিয়াকে ‘দুর্নীতিবাজ’ আখ্যা দিয়ে বলেন, ‘ক্ষমতায় গিয়ে খালেদা জিয়া বিদেশ থেকে এতিমদের নাম ভাঙিয়ে অর্থ সাহায্য এনেছেন। এই টাকা তিনি এতিমদের দেননি, আত্মসাত্ করেছেন। তাঁর ছেলে তারেক রহমান দেশের অর্থ বিদেশে পাচার করেছে। কোনোটিতে তাঁদের ছাড় দেওয়া হবে না। তাঁদের বিচারের মুখোমুখি করা হয়েছে এবং ভবিষ্যতেও হবে।’মন্ত্রী নিজের মন্ত্রণালয়ের সাফল্যের কথা তুলে ধরে বলেন, ২০০৫ সালে দেশে সিরিজ বোমা হামলা হয়েছিল। বর্তমান সকারের আমলে এ জাতীয় কোনো ঘটনা নেই। জঙ্গিবাদ-সন্ত্রাস নির্মূল হয়েছে। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।