গাড়ি রাখার নতুন প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশান-২ ডিসিসি মার্কেটের সামনে গাড়ি রেখে কেনাকাটা করতে গেলেন সিহাব উদ্দিন সরকার। কিছুক্ষণ পর কেনাকাটা শেষে গাড়িতে উঠে বসলেন। কিন্তু চালক গাড়ি চালাতে পারছেন না। কারণ তাঁর সামনে ও পাশে আরও কয়েকটি গাড়ি আছে। সেসব গাড়ির চালকেরও কোনো খবর নেই। এভাবে সিহাব উদ্দিনের ঘণ্টা খানেক সময় বসে থাকতে হয়। ওই মার্কেটে আসা আরও কিছু গাড়ি রাখা হয়েছে সড়কের পাশে। কারণ গাড়ি রাখার কোনো ফাঁকা জায়গা ছিল না।অন্যদিকে, মতিঝিলের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আমিনুল ইসলাম। তিনি অফিসের জায়গায় তাঁর গাড়ি রাখতে পারছেন না। কারণ অফিসের গাড়ি রাখার যেটুকু জায়গা আছে, তার তুলনায় অফিস কর্মকর্তাদের গাড়ির সংখ্যা বেশি। তাই বাধ্য হয়ে তিনি তাঁর গাড়ি প্রতিদিন রাস্তার পাশেই রাখেন। এ কারণে গাড়ির লুকিং গ্লাস চুরি হয়েছে কয়েকবার। এ ছাড়া সড়কে গাড়ি রাখার জন্য ডিএমপির ট্রাফিক বিভাগ একবার মামলাও করেছে। তবু আমিনুলকে সড়কেই গাড়ি রাখতে হচ্ছে।তাঁর মতো আরও অনেকেই অফিসের জায়গায় গাড়ি রাখতে না পেরে সড়কের পাশে গাড়ি রাখছেন। আর এর ফলে সড়কে স্বাভাবিক গাড়ি চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। তাতে তৈরি হচ্ছে যানজট।নগরে গাড়ি রাখার পর্যাপ্ত জায়গা থাকলে যানজট অনেকাংশে কমে যেত বলে মনে করেন পরিবহন বিশেষজ্ঞরা। তাই এমন ব্যবস্থা দরকার, যার মাধ্যমে স্বল্প জায়গায় বেশি গাড়ি রাখা যাবে। এমন প্রযুক্তির ব্যবস্থা করেছে বাংলাদেশ রিকন্ডিশন ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) ও এসএলকে ইঞ্জিনিয়ারিং লিমিটেড। যানজট নিরসনে তাদের এই প্রযুক্তি ব্যবহার করে একই স্থানে একাধিক গাড়ি রাখা যাবে। যাতে করে গাড়ির সমস্যার সমাধান পাওয়া যেতে পারে।টাওয়ারে পার্কিংনগরের যানজট নিরসনে বারভিডার (১৫/৫ বিজয়নগর) পক্ষ থেকে একটি পরীক্ষামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে তারা গাড়ি রাখার জায়গার সর্বাধিক ব্যবহার নিশ্চিত করতে চাচ্ছে। তারা একই স্থানে একাধিক গাড়ি রাখার প্রযুক্তি জনপ্রিয় করার চেষ্টা করছে। গাড়ি রাখার এই পদ্ধতির নাম ‘এলিভেটেড বা টাওয়ার পার্কিং পদ্ধতি’। বারভিডার সভাপতি আবদুল মান্নান চৌধুরী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে এই পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহূত হচ্ছে। ঢাকা নগরেও যদি এই পদ্ধতি ব্যবহার করা যায়, তবে সড়কের যানজট অনেকটাই কমবে বলে তিনি মনে করেন।‘এলিভেটেড বা টাওয়ার পার্কিং পদ্ধতি’ সম্পর্কে বিশদ ব্যাখা দিলেন বারভিডার সাধারণ সম্পাদক আবদুল হামিদ। তিনি জানান, এই পদ্ধতিতে একটি ফাঁকা জায়গায় ইস্পাতের তৈরি একটি বহুতল টাওয়ার স্থাপন করা হয়, যেখানে স্বয়ংক্রিয়ভাবে লিফটের মাধ্যমে গাড়ি তোলা ও নামানো যায়। এ পদ্ধতিতে একই জায়গায় একাধিক গাড়ি রাখা যায়। এমনিতে ৬২৫ বর্গফুট ফাঁকা জায়গায় তিনটি গাড়ি রাখা যায়। যদি ওই পরিমাণ জায়গায় একটি টাওয়ার বসানো হয়। তবে ৫০টি গাড়িও রাখা যেতে পারে। এ জন্য টাওয়ারের মোট উচ্চতা হবে ১৩৫ ফুট। এতে লেবেল থাকবে ২৫টি। প্রতিটি লেবেলে গাড়ি রাখা যাবে দুটি। এমন টাওয়ার বসাতে খরচ পড়ে দুই কোটি ৪৫ লাখ টাকা। তবে লেবেল কমলে কিংবা বাড়লে খরচও কম-বেশি হবে।এই টাওয়ার প্রয়োজনে স্থানান্তর করা যায়। আবদুল হামিদ বলেন, এর জন্য বিদ্যুৎ খরচ খুব বেশি লাগে না। একটি লিফট চলাচলে যে বিদ্যুৎ খরচ হয়, তেমন খরচ হয়। জেনারেটর দিয়েও চালানো যায়। চীন ও জাপান থেকে আমদানি করা হয় টাওয়ার পার্কিংয়ের সব উপকরণ।বারভিডার সভাপতি আবদুল মান্নান চৌধুরী বলেন, টাওয়ার পার্কিং করতে খালি জায়গা লাগে। এ জন্য নগরের যেসব বিপণিবিতানের সামনের খালি জায়গা গাড়ি রাখার জায়গা হিসেবে ব্যবহূত হচ্ছে, সেসব জায়গায় এটি বসানো যাবে। এ ছাড়া কম ব্যবহূত হয়, এমন সড়কের একাংশেও টাওয়ার পার্কিংয়ের ব্যবস্থা করা যায়। এই প্রযুক্তি ব্যবহারে বারভিডার পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পার্কিংয়ের লিফটবারভিডার ‘এলিভেটেড বা টাওয়ার পার্কিং পদ্ধতি’ বড় বড় বিপণিবিতান কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য বেশি প্রযোজ্য। তবে আবাসিক ভবনেও অনেকটা সে কায়দায় গাড়ি রাখা যাবে। এমন প্রযুক্তি হাজির করেছে পশ্চিম পান্থপথের এসএলকে ইঞ্জিনিয়ারিং লিমিটেড। তাদের প্রযুক্তির নাম ‘মাল্টিলেভেল অটো কার পার্কিং’। এসএলকের পরিচালক নূর আলম সিদ্দিক জানান, অনেক দেশেই এই প্রযুক্তির সাহায্যে গাড়ি রাখা হচ্ছে। এই প্রযুক্তি কয়েকভাবে ব্যবহার করা হয়। এর মধ্যে আছে পার্ক লিফট, কমবি লিফট, কমবি পার্কার ও মাল্টিলেভেল কার পার্কস। এসব পদ্ধতির মাধ্যমে একই জায়গায় একের অধিক গাড়ি রাখা যাবে। এই পদ্ধতি ফাঁকা জায়গায় কিংবা নির্মিত ভবনে বাস্তবায়ন করা যাবে। তবে এসএলকে এখন পার্ক লিফট, কমবি লিফট পদ্ধতি নিয়ে কাজ করছে। কারণ ঢাকায় এখন এ দুটি পদ্ধতি প্রযোজ্য।ভবনে গাড়ি রাখার জায়গা যদি আট ফুট তিন ইঞ্চি চওড়া, ১৭ ফুট ৯ ইঞ্চি লম্বা এবং ১০ ফুট ১০ ইঞ্চি উচ্চতার হয়, তবে পার্ক লিফট বসিয়ে দুটি গাড়ি রাখা যাবে। এ জন্য খরচ পড়বে সাড়ে পাঁচ লাখ টাকা। পার্ক লিফট বসাতে হলে ভবনের ‘বেজমেন্ট’ কিংবা ‘গ্রাউন্ড ফ্লোর’-এর উচ্চতা অবশ্যই ১০ ফুট ১০ ইঞ্চি উঁচু হতে হবে। তাই যাঁরা এখন ভবন নির্মাণ করছেন, তাঁরা যদি পার্ক লিফট ব্যবহার করতে চান, তবে তাঁদের উচ্চতার বিষয়টি মাথায় রাখতে হবে।খালি জায়গায় গাড়ি রাখার জন্য এসএলকের আছে ‘মাল্টিলেভেল কার পার্কস’ পদ্ধতি। এতে ৪৩ ফুট দৈর্ঘ্য ও সাড়ে ২১ ফুট প্রস্থ আছে, এমন জায়গায় ৩১টি গাড়ি রাখা যাবে। যার উচ্চতা ৫৮ ফুট। এতে লেভেল থাকবে আটটি। প্রথম থেকে সপ্তম লেভেলে গাড়ি রাখা যাবে চারটি করে। অষ্টম লেভেলে গাড়ি রাখা যায় তিনটি।এসএলকের ‘মাল্টিলেভেল অটো কার পার্কিং’ প্রযুক্তি বিদ্যুৎ সাশ্রয়ী। কেননা এতে লিফট ওঠানামা করে হাইড্রোলিক প্রেসারে। এটি প্রয়োজনে এক জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় নেওয়া যায়। ইস্পাতের তৈরি এই পার্ক লিফটের সব উপকরণ আনা হয় জার্মান থেকে। পার্ক লিফট বসানোর পর এসএলকে ইঞ্জিনিয়ারিং লিমিটেড এক বছরের বিক্রয়োত্তর সেবা দিয়ে থাকে। তাদের একটি সার্ভিস দল কোনো লিফটের সমস্যা হলে দ্রুত গিয়ে তা সমাধান করবে। এ ছাড়া যিনি পার্ক লিফট পরিচালনা করবেন, তাঁকেও তারা প্রশিক্ষণ দেবে। পশ্চিম পান্থপথে (বাড়ি-৪৪/এফ/৮এ) তাদের অফিসে গেলে জানা যাবে বিস্তারিত।বিশেষজ্ঞের ভাষ্য‘এলিভেটেড বা টাওয়ার পার্কিং পদ্ধতি’ ও ‘মাল্টিলেভেল অটো কার পার্কিং’ সম্পর্কে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের সাবেক অধ্যাপক আলমগীর মুজিবুল হক বলেন, ‘কম জায়গায় বেশি গাড়ি রাখার এসব প্রযুক্তি বিদেশে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। আমাদের দেশেও যদি এই প্রযুক্তি ব্যবহার করা যায় তবে নগরের যানজট অনেকটাই কমবে বলে আমি মনে করি। যত দ্রুত প্রযুক্তির ব্যবহার শুরু করা যায় ততই ভালো।’একই প্রসঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান প্রকৌশলী খন্দকার সালাহ উদ্দিন বলেন, ‘আমি বিদেশে গাড়ি রাখার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার দেখেছি। নগরে যদি এ ধরনের প্রযুক্তি ব্যবহার করা যায়, তবে যানজট কমানো বেশ খানিকটা সম্ভব হবে। প্রযুক্তির প্রসারে যদি কোনো প্রতিষ্ঠান উদ্যোগ নেয় এবং সেখানে রাজউকের কোনো সহযোগিতার প্রয়োজন হয় তবে অবশ্যই আমরা তা করব।’