গাড়ি রিকুইজিশন: পুলিশসহ চারজনকে হাইকোর্টে তলব
গাড়ি রিকুইজিশন নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জড়িত কনস্টেবল কবির হোসেন, আবদুল মালেক এবং তেজগাঁও পুলিশ বক্সের ট্রাফিক পুলিশ মোহাম্মদ আশরাফউদ্দিনকে ৭ জুন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সম্প্রতি এই তিনজনের নামে পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।একই সঙ্গে ওই ঘটনায় সংশ্লিষ্ট ট্যাক্সিচালককেও ওই দিন হাজির হতে বলা হয়েছে।আজ বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন ও মো. দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ ঘটনা সম্পর্কে তাঁদের বক্তব্য শুনতে এই চারজনকে তলব করেছেন।হাইকোর্ট গত ২৩ মে জনস্বার্থ ছাড়া কোনো গাড়ি রিকুইজিশন না করতে সরকার ও পুলিশকে নির্দেশ দেন। পাশাপাশি গাড়ি রিকুইজিশনের সময় মালিক বা চালককে হয়রানি না করতেও বলেন। রিকুইজিশন করা গাড়ির মালিক বা চালককে বর্তমান হারে গাড়ির ভাড়া পরিশোধ ও গাড়ির কোনো ক্ষতি হলে সাত দিনের মধ্যে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে গাড়ি রিকুইজিশন-সংক্রান্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ১০৩(ক) ধারাটি কেন বেআইনি ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার পুলিশ কমিশনার এবং উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের ট্রাফিকের উপপুলিশ কমিশনারদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।এ ছাড়া রিকুইজিশন করা গাড়ি কোনো সরকারি কর্মকর্তার ব্যক্তিগত কাজে ব্যবহার না করতে নির্দেশ দেওয়া হয়। গত ১৪ মে একটি জাতীয় দৈনিকে ‘রাজধানীতে গাড়ি রিকুইজিশন নিয়ে পুলিশ-ক্যাবচালক সংঘর্ষ: গ্রেপ্তার ৮’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে যে তিনজন পুলিশ কর্মকর্তার ছবি ছাপা হয়েছে, তাঁদের নাম, বর্তমান অবস্থান ও ট্যাক্সিচালকের নাম-ঠিকানা আগামী তিন দিনের মধ্যে আদালতে দাখিল করতেও আজ ঢাকার পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।