গাড়ি সরাতে বলায় ওসিকে ছুরিকাঘাত!
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে থানার পাশে মসজিদে নামাজ আদায় করে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।হামলার পর আশপাশের লোকজন এক যুবককে আটক করে। তাঁর নাম চিনু লাল রায় (৩৫)। তিনি শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান (ইউপি) ভানু লাল রায়ের ছোট ভাই। পরে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর হোসেন সরদার প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল বিকেলে শ্রীমঙ্গল পৌর এলাকার হবিগঞ্জ সড়কে ড্রেন সংস্কারের স্থানে সড়কের ওপরে চিনু তাঁর ব্যক্তিগত গাড়িটি পার্কিং করেন। এতে আশপাশে যানজটের সৃষ্টি হয়। ওসি আবদুল্লাহ চিনুকে গাড়িটি সরিয়ে নিতে বলেন। কিন্তু চিনু তা না করায় গাড়িটি থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে চিনু রাতে ওসির ওপর হামলা করেছেন বলে এসআই দাবি করেন।শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নজীবুস শহীদ বলেন, ‘ওসির পিঠে ও হাতে ছুরিকাঘাত করা হয়েছে। শরীরের তিনটি স্থানে আটটি সেলাই লেগেছে।’শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) নীহার রঞ্জন নাথ প্রথম আলো ডটকমকে বলেন, ‘এ ঘটনায় চিনুকে আসামি করে গতকাল রাতেই একটি মামলা করা হয়েছে। চিনুকে গ্রেপ্তার করা হয়েছে।’