গাড়িচাপায় দাদি-নাতনি নিহত, সড়ক অবরোধ
চট্টগ্রাম নগরের জাকির হোসেন রোডের পাহাড়িকা পেট্রলপাম্পের কাছে গতকাল সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা রাস্তায় অবস্থান নিলে নগরের গুরুত্বপূর্ণ এ সড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় বিক্ষুব্ধ জনতা ইটপাটকেল ছুড়লে মো. মহিউদ্দিন নামের একজন পুলিশ সদস্যের মাথা ফেটে যায়। একই সড়কে গতকাল ভোরে বাসচাপায় আবদুল মজিদ সরকার (৪২) নামের পুলিশের একজন বাবুর্চির মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে চার বছর বয়সী নাতনিকে কোলে নিয়ে দাদি রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খুলশি থানার উপপরিদর্শক (এসআই) আনিস প্রথম আলোকে বলেন, দাদির নাম ছেনোয়ারা বেগম (৪৫) এবং নাতনির নাম রিফা আক্তার (৩)। তাদের বেশভূষায় বস্তিবাসী বলে মনে হচ্ছে। কাভার্ড ভ্যানটি সিটি গেটের কাছে আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরই পাহাড়তলীর নিউ শহীদ কলোনি ও আশপাশের এলাকার বাসিন্দারা এসে সড়কে অবস্থান নেয়। তারা পুলিশের কাছে লাশ হস্তান্তরে বাধা দেয়। ফলে শহরে ঢোকা-বের হওয়ার ব্যস্ততম সড়কটিতে শত শত যানবাহন আটকা পড়ে।ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে যেসব যানবাহন নগরে ঢোকার চেষ্টা করছিল, সেগুলো এ কে খান গেট এলাকায় আটকা পড়ে। আবার নগর থেকেও কোনো যানবাহন বের হতে পারছিল না। পরে স্থানীয় সাবেক ওয়ার্ড কাউন্সিলর এ টি এম আলমগীরের সহায়তায় পুলিশ উত্তেজিত জনতাকে শান্ত করে। রাত ১০টার পর ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। কোতোয়ালি অঞ্চলের পুলিশের সহকারী কমিশনার মনজুর মোর্শেদ রাত সাড়ে নয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বাড়তি পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার করার চেষ্টা হচ্ছে। উত্তেজিত লোকজনের ইট নিক্ষেপে পুলিশের কনস্টেবল মহিউদ্দিন আহত হন।পুলিশের বাবুর্চি নিহত: পুলিশের বাবুর্চি আবদুল মজিদ সরকার (৪২) গতকাল সোমবার ভোরে বাসা থেকে সাইকেল চালিয়ে দামপাড়া পুলিশ লাইনের কর্মস্থলে যাওয়ার সময় একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খুলশি থানার ওসি আবু জাফর মো. ওমর ফারুক বলেন, বাসটি ৩ নম্বর রুটের। পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। মজিদের গ্রামের বাড়ি কুমিল্লায়।