গাড়িচাপায় নিথর দুই শিশু
মামা ওমর ফারুকের সঙ্গে হেঁটে এক বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল ছয় বছরের শিশু আফরিন আক্তার ইভা। মামার এক হাত ধরেছে সে, অন্য হাত ধরেছে বড় বোন আফসানা (৮)। ফুরফুরে মেজাজে গল্পগুজব চলছিল মামা ও দুই ভাগ্নির। আচমকা একটি যাত্রীবাহী বাস এসে ইভাকে সজোরে ধাক্কা মারল পেছন থেকে। প্রায় ৫০ গজ দূরে ছিটকে পড়ল ছোট্ট দেহটি। নিথর হয়ে গেল চিরতরে। গতকাল বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের জগন্নাথপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। একই দিন সকালে নড়াইলের লোহাগড়া উপজেলায় ট্রাকচাপায় মারা যায় অপর ছয় বছর বয়সী শিশু রানা শেখ। বিদ্যালয়ে যাওয়ার পথে একটি সেতুর ওপর পাথরবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। ইভা কিশোরগঞ্জের ভৈরব উপজেলার নবীপুর গ্রামের আব্বাস আলীর মেয়ে। মা আছিয়া বেগম। ভৈরব পৌর শহরের লক্ষ্মীপুর মহল্লায় থাকেন তার মা-বাবা। স্থানীয় ন্যাশনাল কিন্ডারগার্টেন স্কুলের প্লে গ্রুপের ছাত্রী ছিল ইভা। ইভার পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সকাল পৌনে ১০টার দিকে মামার সঙ্গে তারা দুই বোন স্থানীয় বাসস্ট্যান্ডের উদ্দেশে হেঁটে যাচ্ছিল। জগন্নাথপুর এলাকা দিয়ে যাওয়ার সময় ঢাকা থেকে আসা কিশোরগঞ্জের বাজিতপুরগামী হাওর বিলাস পরিবহনের একটি বাস অন্য একটি বাসকে অতিক্রম করতে গিয়ে মূল সড়ক থেকে সরে এসে ইভাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। চোখের সামনে ভাগ্নির করুণ মৃত্যু দেখে জ্ঞান হারিয়ে ফেলেন ওমর ফারুক। ঘটনার পর এলাকাবাসী টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-সিলেট মহাসড়কে কমপক্ষে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির জানান, ময়নাতদন্ত ছাড়াই ইভার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। শিশু রানা শেখ লোহাগড়ার কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। উপজেলার ধোপাদহ গ্রামের রিকশাভ্যানচালক মতিয়ার রহমান শেখের তিন সন্তানের মধ্যে সে দ্বিতীয়। পুলিশ জানায়, সকাল নয়টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে স্থানীয় এড়েন্দা সেতুর ওপর বিপরীত দিক দিয়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক রানাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নড়াইল সদর হাসপাতালে রানার লাশের ময়নাতদন্ত হয়েছে। গতকাল রানার বাড়িতে গিয়ে তার মা ময়না বেগমকে বিলাপ করে কাঁদতে দেখা যায়। কেঁদে কেঁদে তিনি বলছিলেন, ‘বড় ছাওয়ালডার হাত ভাঙে গেছে। সে জন্যি কানতিছিলাম। আমার বাবা বলল, তুমি কানলি স্কুলি যাবনানে। আমি কান্দা বন্ধ করলি সে স্কুলি গেল। আনা দিন আমারে কয়ে যায় না। আজকে স্কুলি ত্যাল-পানি নিয়ে সাজে-গুজে যাওয়ার সুমায় আমারে কয়ে গেল। আমার বাবা আর ফিরে আলো না।’ কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হুমায়ুন কবির জানান, রানা মেধাবী ছাত্র ছিল। দরিদ্র পরিবারের সন্তান হলেও সে নিয়মিত স্কুলে আসত।লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) গনেশ গোপাল বিশ্বাস জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।