গাড়িচাপায় শিশুমৃত্যুর মীমাংসা হলো ৫০ হাজার টাকায়!
রাজধানীতে গাড়িচাপায় পাঁচ বছরের একটি শিশুর মৃত্যুর পর পুলিশের উপস্থিতিতে ৫০ হাজার টাকায় ‘মীমাংসা’ হয়েছে। তবে এর পুরো টাকাও শিশুটির বাবা-মা পাননি।গতকাল মঙ্গলবার শাহ আলী থানার আওতায় মিরপুর বেড়িবাঁধে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে বেড়িবাঁধের তামান্না মোড়ে রাস্তা পার হওয়ার সময় আলপাইন ফ্রেশ কোম্পানির পানিবাহী একটি মিনি ট্রাকের চাপায় নিহত হয় শিউলি (৫)। শিউলিকে চাপা দিয়ে চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। পরে ওই রাস্তা দিয়ে একই কোম্পানির আরেকটি ট্রাক যাওয়ার সময় সেটি আটক করে স্থানীয়রা। পরে কোম্পানির প্রতিনিধি এসে নগদ ৫০ হাজার টাকা দিয়ে গাড়িটি ছাড়িয়ে নিয়ে যায়। নিহত শিউলির চাচা মো. বাবুল বলেন, দুর্ঘটনার পর ৫০ হাজার টাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টির রফা হয়। সেখানে পুলিশ ও কয়েকজন সাংবাদিকও উপস্থিত ছিলেন। মো. বাবুল বলেন, শিউলির বাবা শহীদুল ৫০ হাজার টাকার মধ্যে ৩০ হাজার টাকা পেয়েছেন। বাকি ২০ হাজার ‘মীমাংসা খরচ’ হিসেবে রেখে দেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশের সংশ্লিষ্ট উপপরিদর্শক তৌহিদুল ইসলাম বলেন, ‘আমরা চেয়েছিলাম আইনি পথে এগোতে। তবে যেহেতু নিহত শিশুটির বাবা-মা অতিদরিদ্র তাই স্থানীয়রা এসে চেষ্টা করেন যাতে মীমাংসার মাধ্যমে তাঁরা কিছু টাকা পায়। স্থানীয় লোকজনই আলপাইন কোম্পানির আরেকটি গাড়ি আটক করে পুলিশকে জানায়। তার পরে মীমাংসায় বসা হয়।’সড়ক দুর্ঘটনার পর মীমাংসার আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন করলে উপপরিদর্শক বলেন, শিশুটির বাবা পুলিশকে লিখিত দিয়েছেন যে তাদের কোনো অভিযোগ নেই, তাঁরা মামলা করবেন না। এরপর পুলিশ বিনা ময়নাতদন্তে লাশটি শিশুটির বাবার কাছে হস্তান্তর করে।মীমাংসার টাকা রেখে দেওয়ার বিষয়ে জানতে চাইলে উপপরিদর্শক বলেন, ‘পুলিশের টাকা নেওয়ার প্রশ্নই আসে না। আমি চেষ্টা করেছি মীমাংসার পুরো টাকাটি যেন শিশুটির বাবা পায়। আমি নিজে দেখেছি শিশুটির বাবা পুরো টাকা নিয়ে বাড়িতে গেছেন। সেখানে পত্রিকা ও টিভি চ্যানেলের কয়েকজন সাংবাদিকও ছিলেন, স্থানীয় গণ্যমান্যরাও ছিলেন। তবে পরে বাড়িতে গিয়ে কেউ টাকা নিয়েছে কি না, আমি জানি না।’শিশুটির বাবা শহীদুল গাড়িতে কাজ করেন। তাঁদের গ্রামের বাড়ি কুড়িগ্রামে।