গাড়িচালক আজমকে নিয়ে দুদকের সারা দিন
সাবেক রেলমন্ত্রীর এপিএসের গাড়িচালক আলী আজম খানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার সন্ধ্যায় দুদকের চেয়ারম্যান গোলাম রহমান তাঁর কার্যালয়ে অপেক্ষমাণ সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, আজম নিরাপত্তাহীনতায় ভুগলে প্রয়োজনে তাঁর নিরাপত্তা দেওয়া হবে।আজম আসছেন এমন খবরে গতকাল দুদক কার্যালয় সাংবাদিকে ভরে যায়। দুদকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও সাংবাদিকদের জানান, ‘আজমকে নিয়ে আসা হচ্ছে।’গত ৯ এপ্রিল রাতে পিলখানায় বিজিবি সদর দপ্তরের ফটকে সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুকের গাড়িতে বিপুল পরিমাণ অর্থ পাওয়া যায়। গাড়িতে পূর্বাঞ্চল রেলের তৎকালীন মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা এবং রেল-পুলিশের কমান্ড্যান্ট এনামুল হকও ছিলেন। ওই ঘটনার পর সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে অজ্ঞাত স্থান থেকে দেওয়া সাক্ষাৎকারে আজম খান বলেন, ৯ এপ্রিল রাতে গাড়িতে রাখা ওই টাকা সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় নেওয়া হচ্ছিল। রেলের দুর্নীতির অভিযোগ তদন্তে আজম খানের বক্তব্য নেওয়ার জন্য এ পর্যন্ত দুবার নোটিশ দেয় দুদক। রেলের দুর্নীতি মামলায় তিনি গুরুত্বপূর্ণ সাক্ষী। আজমের জন্য গতকাল সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে দুদকের তদন্ত দল। আজমের পরিবার থেকে দুদককে নিশ্চিত করা হয়েছিল তাঁকে পাঠানো হবে। দুদকের কর্মকর্তারা জানান, আজম না আসায় ফোনে তাঁর স্ত্রী ও এক ভাইয়ের সঙ্গে কথা বলা হয়েছে। তাঁরা দুদককে জানিয়েছেন, আজম কোথায় আছেন তাঁরা জানেন না। তাঁরা বলেছেন, আজমের নিরাপত্তা কে দেবে? আজম সাবেক মন্ত্রীর ঘুষ কেলেঙ্কারির বিষয়ে মিডিয়ার কাছে তথ্য দিয়েছেন অজ্ঞাত স্থান থেকে। দুদক চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, জিজ্ঞাসাবাদের জন্য যদি কাউকে ডাকা হয় এবং তিনি যদি সাড়া না দেন, তা হলে আইনে যে ব্যবস্থা রয়েছে তাই গ্রহণ করা হবে। আইনি ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদে হাজির না হলে তিন বছরের শাস্তির কথা আইনে উল্লেখ রয়েছে। আমরা তাঁর (আজম খান) প্রতি নমনীয় থাকতে চাই। মানবিক দিকটা প্রথমে বিবেচনা করতে চাই। তিনি যদি দুদকে আসতে নিরাপত্তাহীনতায় ভোগেন, তা হলে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে তাঁর নিরাপত্তার জন্য বলব।’আবার তলব করে নোটিশ পাঠানো হবে কি না, এ প্রশ্নের জবাবে গোলাম রহমান বলেন, ‘আজম দুদকের ডাকে সাড়া না দিলে আমরা শিগগিরই ব্যবস্থা নেব। এর জন্য খুব বেশি দেরি করা যাবে না।’এর আগে দুদকের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে বলেন, দুদকের এক সহকারী উপপরিচালক নিজে গিয়ে আজমকে নিয়ে আসছেন।