গাড়িচালক ও ওষুধের দোকানি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুরাইনের গৃহবধূ ফারজানা ও তাঁর দুই সন্তানের আত্মহত্যায় প্ররোচনার মামলায় ফারজানার গাড়িচালক আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী পুরান ঢাকার দয়াগঞ্জ থেকে এক ওষুধ দোকানের কর্মচারীকে আটক করা হয়। ফারজানার আত্মহত্যায় ব্যবহূত ওষুধ ওই দোকান থেকেই কেনা হয়েছিল বলে জানা গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ফারজানা ও তাঁর দুই সন্তান আত্মহত্যা করেছে বলে এখন তাঁরা প্রায় নিশ্চিত। তাঁদের বাড়ির দেয়ালে হাতের যে লেখা, তা ফারজানার দুই সন্তানেরই। তবে দুজনের গ্রেপ্তারের তথ্য পুলিশ গতকাল আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। আজ তাঁদের সংবাদকর্মীদের সামনে হাজির করা হতে পারে বলে জানা গেছে।গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার গোলাম আজাদ খানের নেতৃত্বে একদল পুলিশ টানা তিন দিন অভিযানের পর গত বৃহস্পতিবার ভোররাতে গাড়িচালক আল আমিনকে গ্রেপ্তার করেন।পুলিশ জানায়, চালক আল আমিন ওই ঘটনার পর থেকে পলাতক ছিলেন। কয়েক দিন আগে তিনি গোপালগঞ্জের সদর থানার গুয়াদানা গ্রামের পাগল বিশ্বাসের বাড়িতে এসে আত্মগোপন করেন। এ বাড়িটি ফারজানার স্বামী রাশেদুল কবিরের এক বন্ধুর গাড়িচালকের মামাবাড়ি বলে পুলিশ জানতে পারে। গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, ফোন নম্বর ধরে অনুসন্ধানের পর গোয়েন্দা পুলিশ জানতে পারে, আল আমিন গোপালগঞ্জে রয়েছে। বৃহস্পতিবার ভোররাতে সহকারী কমিশনার গোলাম আজাদ খান পুলিশ দল নিয়ে হানা দিয়ে দেখতে পান, আল আাামিন সেখানে ঘুমিয়ে আছেন। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। আল আমিনের স্বীকারোক্তি অনুযায়ী উদ্ধার করা হয় ফারজানার ব্যবহার করা নোয়া গাড়িটি।আল আমিন পুলিশকে জানিয়েছেন, ফারজানা ও তাঁর দুই সন্তানের মৃত্যুর পর তিনি ভয়ে গা ঢাকা দেন। ফারজানার কথা অনুযায়ীই সে দয়াগঞ্জের মোহাম্মদীয়া ফার্মেসি থেকে অনেকগুলো ঘুমের ওষুধ কিনে নিয়ে যান। ফারজানা প্রতিদিন ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতেন বলে আল আমিন পুলিশকে জানিয়েছেন। ফারজানার পরিবারও বিষয়টি নিশ্চিত করেছে।আল আমিন পুলিশকে বলেছেন, আত্মহত্যার আগে বাচ্চাদের হাতে লেখা স্ট্যাম্পটি তাঁকে দিয়ে কেনা হয়েছে বলে উল্লেখ করা হলেও সেটা ঠিক নয়। ফারজানা নিজেই মতিঝিল থেকে তা কিনেছিলেন।গোপালগঞ্জ প্রতিনিধি জানান, আল আমিনকে গ্রেপ্তার অভিযানে অংশ নেওয়া গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. ইব্রাহিম পাটোয়ারী বলেন, ঘটনার পরপর আল আমিনের গাড়ি নিয়ে পলায়ন এবং তাঁর আচরণ সন্দেহজনক। এই মামলার অনেক গুরুত্বপূর্ণ তথ্য আল আমিনের কাছ থেকে পাওয়া গেছে বলে তিনি জানান।সূত্র জানায়, গ্রেপ্তারের পর গতকাল শুক্রবার সকালে গোয়েন্দা পুলিশ আল আমিনকে ঢাকায় নিয়ে আসে। দুপুরে তাঁকে নেওয়া হয় ফারজানার আলমবাগের বাড়িতে। সেখানে তিনি সব ঘটনা পুলিশের কাছে খুলে বলেন। আল আমিন পুলিশকে বলেন, ফারজানার কথামতো তিনি ঘুমের ওষুধ কিনে আনেন। পরে পুলিশ আল আমিনের দেওয়া সূত্রমতে ওষুধের দোকানদার আবদুল জব্বারকে আটক করে। জব্বার পুলিশকে জানান, আল আমিন তাঁর কাছ থেকে বেশ কিছু ঘুমের ওষুধ কিনে নেন। তবে তা কেন কেনা হয়েছিল তা তিনি জানেন না। গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, নিহত ফারজানার ফোন নম্বর ধরে তাঁরা জানতে পারেন, মারা যাওয়ার আগের রাতে তিনি এক চিকিৎসকের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। ওই চিকিৎসকের সঙ্গে তিনি আগেও অনেক সময় ধরে কথা বলেছেন। পুলিশের ধারণা, এ ওষুধের নাম ফারজানা ওই চিকিৎসকের কাছ থেকেই জানতে পারেন। পুলিশ ওই চিকিৎসকের নাম-ঠিকানা পেয়েছে। তবে তাঁকে এখনো গ্রেপ্তার করেনি। পুলিশ কর্মকর্তারা জানান, এ ঘটনায় ওই চিকিৎসকের সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ার পরই কেবল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফারজানার বাড়ির দেয়ালের হাতের লেখার ব্যাপারে পুলিশ কর্মকর্তারা প্রথম আলোকে জানান, ওই বাড়ির দেয়ালের হাতের লেখা যে ফারজানার বাচ্চাদের, সিআইডির কর্মকর্তা প্রাথমিকভাবে সেটি নিশ্চিত করেছেন। তবে পরীক্ষার প্রতিবেদন এখনো পুলিশের হাতে আসেনি।মৃতদেহের রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন আগামী সোমবার পুলিশের হাতে পৌঁছাবে। এর আগে ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মৃতদেহের ভেতর ও বাইরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।গত শুক্রবার সকালে জুরাইনের বাড়ি থেকে পুলিশ ফারজানা ও তাঁর দুই শিশুসন্তানের লাশ উদ্ধার করে। এ ঘটনায় ফারজানার শ্বশুর সাংবাদিক শফিকুল কবির ও স্বামী রাশেদুল কবিরসহ আটজনকে আসামি করে একটি মামলা করা হয়।শফিকুল কবিরের বিবৃতি: ফারজানার শ্বশুর সাংবাদিক শফিকুল কবির গতকাল শুক্রবার সংবাদপত্রে একটি বিবৃতি দিয়েছেন। তিনি এতে দাবি করেন, তিনি ও তাঁর পরিবার এক ভূমিদস্যুচক্রের ষড়যন্ত্রের শিকার। বিবৃতিতে বলা হয়, ফারজানার মামা ও দুলাভাই তাঁর বাড়ি ও সম্পত্তি জবরদখল করার জন্য এ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।শফিকুল কবির বলেন, দেয়াললিখনগুলোর সঙ্গে ফারজানার মামা আব্বাসের দুই মেয়ে আঁখি ও রাখির হাতের লেখার সঙ্গে মিলিয়ে দেখলে রহস্যের জট খুলেও যেতে পারে। তিনি দাবি করেন, ৯ মে সর্বশেষ কথা হওয়ার সময় রিতা তাঁকে শান্তভাবে বলেছিল, বাবা চিন্তা করবেন না। রাশেদের সঙ্গে আমার কথা হয়েছে। ৩০ জুনের আগেই আমি বাড়ি ছেড়ে দেব। পরদিন তিনি পরিবার নিয়ে পৈতৃক বাড়িতে চলে যান।শফিকুল কবির জানান, ১ জুন থেকে ড্রাইভার আল আমিনের সাহায্যে ঘরের মালামাল আব্বাসের বাড়িতে পাঠানো শুরু হয়। এর জন্য আব্বাসকে দায়ী করে কবির বলেন, তিনি নিশ্চয়ই এমন কোনো চাল চেলেছিলেন যাতে ‘মানসিক বিকারগ্রস্ত’ ফারজানা রিতা দুই সন্তানসহ আত্মহত্যায় প্রলুব্ধ হন।