গাড়িচালকের পরীক্ষায় ফেল করেছি: জাফর ইকবাল
লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ‘প্রতিদিন খবরের কাগজ খুললেই সড়ক দুর্ঘটনার খবর। অথচ আমরা এ নিয়ে খুব একটা মাথা ঘামাই না। কিন্তু এভাবে তো চলতে পারে না। সবাইকে একত্র করে প্রতিকারমূলক কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, এ জন্যই এই সম্মেলন।’ আজ শুক্রবার বিকেলে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক গোলটেবিল সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‘সড়ক দুর্ঘটনা রোধ: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং অন্যান্য প্রতিষ্ঠানের ভূমিকা’ শীর্ষক বিষয়ে গোলটেবিল সম্মেলনটি অনুষ্ঠিত হয়। গোলটেবিল সম্মেলনে সঞ্চালকের বক্তব্যে জাফর ইকবাল বলেন, ‘গাড়িচালকের পরীক্ষা খুবই কঠিন। জীবনে কোনো পরীক্ষায় ফেল না করলেও গাড়িচালকের পরীক্ষায় ফেল করেছি। দেশের বাইরে থাকতে আমি এ পরীক্ষা দিয়েছিলাম। এ জন্য এ পরীক্ষা সহজ করতে হবে।’ মুহম্মদ জাফর ইকবাল একের পর এক সড়ক দুর্ঘটনা সংঘটিত হওয়ার পেছনে প্রচলিত আইনের দুর্বলতাসহ কয়েকটি কারণ তুলে ধরেন। গোলটেবিল সম্মেলনে বিশেষজ্ঞসহ শিক্ষক, আইন রক্ষাকারী সংস্থা, সড়ক ও জনপথ বিভাগ, চিকিত্সক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে যানবাহন চালকদের ডেটা-বেইজ তৈরির প্রসঙ্গ আলোচিত হয়। ডেটা-বেইজ তৈরির ক্ষেত্রে মুঠোফোন কোম্পানিগুলো উদ্যোগী হতে পারে বলে মতামত দেন বক্তারা। গোলটেবিল সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে গণমাধ্যমের পক্ষে প্রথম আলোর জ্যেষ্ঠ সহকারী সম্পাদক এ কে এম জাকারিয়া ও সমকাল-এর সহযোগী সম্পাদক নাসির আহমেদ বক্তব্য দেন। এ কে এম জাকারিয়া বলেন, ‘গণমাধ্যম শুধু সচেতন করার কাজ করে। এ কাজ শুরু থেকে করছে। তবে আমরা আরও সচেতন করার কাজ করে যাব।’ সার্বিক আলোচনার পর সড়ক দুর্ঘটনা রোধে চালকদের দায়িত্বশীল করা, যাত্রী ও পথচারীদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে প্রচারপত্র বিতরণ—এসব বিষয়ে সচেতন করতে প্রচারণামূলক উদ্যোগ গ্রহণের কথা জানিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন সঞ্চালক মুহম্মদ জাফর ইকবাল।