ফারজানা কবির রিতা ও তাঁর দুই সন্তানের আত্মহত্যায় প্ররোচনার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গাড়িচালক আল-আমিন। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম ইসমাইল হোসেন তাঁর খাসকামরায় আল-আমিনের জবানবন্দি নিয়ে তাঁকে কারাগারে পাঠান।গত ১১ জুন জুরাইনের আলমবাগের বাসা থেকে ফারজানা (৩৫), তাঁর ছেলে ইশরাক (১৩) ও মেয়ে রাইসার (১১) লাশ উদ্ধার করে পুলিশ।মৃত্যুর আগে রিতা ও তাঁর দুই সন্তান আত্মহত্যা ও পারিবারিক বিরোধের বিভিন্ন অভিযোগের কথা ঘরের দেয়াল ও কাগজে লিখে রাখে।এসব লেখায় আসামিদের সবার নাম রয়েছে। এ ছাড়া রাশিদুল কবিরের দ্বিতীয় বিয়েতে রিতার কোনো আপত্তি নেই—এ কথা লেখা একটি কাগজে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয় বলে দোয়ালে লেখা রয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করছে।ওই দিনে রাতেই ফারজানার স্বামি রাশেদুল কবির, শ্বশুর শফিকুল কবির, শাশুড়ি, দুই ননদসহ আটজনকে আসামি করে ফারজানার মা মাজেদা বেগম বাদী হয়ে কদমতলী থানায় এ মামলা করেন। মামলায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার কথা উল্লেখ রয়েছে।