গাড়িচোরের ৫০টি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ব্যবসা নির্ঝঞ্ঝাট করতে ব্যবহার করা হচ্ছে অস্ত্র আর ছিনতাই করা গাড়ি। ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এমন একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে সাতটি চোরাই গাড়ি, ফেনসিডিল, গুলি ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, রাজধানীতে এখন ৫০টি গাড়িচোর চক্র সক্রিয়। প্রতি বছর এরা সাড়ে ছয় শ গাড়ি চুরি করছে। ২০০৯ সালে গোয়েন্দা পুলিশ চুরি হওয়া ৪০০ গাড়ি উদ্ধার করে। বেশির ভাগ গাড়িচোরই মাদক ব্যবসার সঙ্গে যুক্ত।পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা পুলিশের একটি দল গত শুক্রবার বিকেলে রাজধানীর ইন্দিরা রোডের একটি বাড়ি থেকে শাহরিয়ার হাসান ওরফে শুভ ও কবির খানকে গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তি অনুসারে আনোয়ার হোসেন, রাশেদুজ্জামান পারভেজ ও হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়। এদের স্বীকারোক্তি অনুসারে ইন্দিরা রোড, পান্থপথ, মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকার বিভিন্ন ভবন থেকে সাতটি চোরাই গাড়ি, অস্ত্র ও গাড়িতে রাখা মাদক উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে একটি গাড়ি ফুটবলার কায়সার হামিদ ও আরেকটি স্বরাষ্ট্রমন্ত্রীর এক আত্মীয়ের। রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অন্য গাড়িগুলোর মালিকানা কেউ দাবি করেননি। কায়সার হামিদ প্রথম আলোকে জানান, গত রমজান মাসে র্যাডিসন হোটেলের সামনে থেকে তাঁর গাড়িটি চুরি হয়।গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, গ্রেপ্তার করা চোরদলের মধ্যে পারভেজ শ্যামপুরের সন্ত্রাসী রোজেনের ঘনিষ্ঠ সহযোগী। হত্যা মামলায় গ্রেপ্তারের পর দুই বছর জেল খেটে দেড় মাস আগে সে বেরিয়ে এসেছে। অপর আসামি হুমায়ুন কবির রাজধানীর শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের ঘনিষ্ঠ সহযোগী। কারাগারে থেকে পিচ্চি হেলাল তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলে পুলিশ জানতে পেরেছে। এ ছাড়া ইন্দিরা রোডের দুই প্রভাবশালী এদের সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দিচ্ছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। গতকাল তাদের ধরতে পুলিশ অভিযান চালায়।গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার জানান, গ্রেপ্তার হওয়া চক্রের মূল হোতা জামান নামের এক ব্যক্তি। মোহাম্মদপুর এলাকায় যেসব ফেনসিডিল কেনাবেচা হয়, তার সবই সরবরাহ করে তার লোকজন। জামান কুমিল্লায় থাকে। সেখানে সদর দক্ষিণ থানায় তার একটি গ্যারেজ আছে। ঢাকা বা মহাসড়ক থেকে চুরি করা গাড়ি প্রথমে সেই গ্যারেজে নেওয়া হয়। সেখানে রং পাল্টে ভুয়া কাগজপত্র তৈরি করে গাড়ি নামানো হয় রাস্তায়। এ চক্রের সদস্যরা চোরাই গাড়ি মূলত মাদক পরিবহনের কাজে ব্যবহার করে। কিছুদিন মাদক পরিবহনের পর সে গাড়ি নামমাত্র দামে বিক্রি করে দিয়ে এরপর নতুন গাড়ি ছিনতাই করে। গ্রেপ্তার হওয়া যুবকেরা পুলিশের কাছে স্বীকার করেছে, এ পর্যন্ত তারা ১৮টি গাড়ি চুরি করেছে। এর আগে পাঁচটি গাড়ি বিভিন্ন থানায় ধরা পড়েছে। সাতটি গাড়ি গতকাল গোয়েন্দা পুলিশ উদ্ধার করেছে। বাকি ছয়টি গাড়ি এখনো তাদের হাতে আছে।মহানগর পুলিশের হিসাবে ২০০৯ সালে দেশে ৬৫০টি গাড়ি চুরি হয়েছে। এ সময় পুলিশ ৪০০টি উদ্ধার করেছে। চুরি হওয়া গাড়ির ৬০ শতাংশই উদ্ধার করা হয় বলে পুলিশ কর্মকর্তারা দাবি করেছেন।গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার জানান, রাজধানীতে গাড়ি চুরির ৫০টি চক্রের মধ্যে বরগুনার রাজু, বাগেরহাটের বাশার, মুন্সিগঞ্জের রনি ও মাসুম, মাদারীপুরের লম্বু শাহিন, আমির, রিফাত, ও কাজল, ব্রাহ্মণবাড়িয়ার আসাদ, ভোলার জামান, বরিশালের শফিক উল্লেখযোগ্য। এরা মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। মাদক পরিবহনের জন্য তারা অস্ত্রও ব্যবহার করে থাকে। পুলিশ সূত্র জানায়, গাড়িচোর চক্রের সদস্যরা বিভিন্ন সময় চোরাই গাড়িসহ পুলিশের হাতে ধরা পড়ে, আবার জামিনে বেরিয়ে আসে। তিনি জানান, চোরাই গাড়িসহ ধরা পড়ার পর ফৌজদারি কার্যবিধির ৩৭৯ ধারায় মামলা করে আদালতে পাঠানো হয়। এ ধারা জামিনযোগ্য। যে কারণে গ্রেপ্তারের এক-দুদিন পর সবাই জামিনে ছাড়া পেয়ে যায়। তা ছাড়া গাড়ি উদ্ধারের পর মালিক আর আদালতে সাক্ষ্য দিতে চান না। এ কারণে চোরের সাজাও হয় না।