গাড়িতে সাংসদের পিস্তল রাখার কারণ জানতে চায় পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইসেন্স করা অস্ত্র নিজের সঙ্গে না রেখে গাড়িতে রেখে যাওয়া বিধিসম্মত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তারা জানিয়েছেন, এ ক্ষেত্রে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে অস্ত্র আইনে সাংসদ নুরুন্নবী চৌধুরীর বিরুদ্ধে মামলা করা হবে।সাংসদের লাইসেন্স করা পিস্তলের গুলিতে খুন হয়েছেন আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন গতকাল শুক্রবার সাংবাদিকদের বলেছেন, ইব্রাহিম হত্যায় যদি সাংসদ নুরুন্নবী চৌধুরী জড়িত থাকেন, তাহলে অবশ্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।রাজধানীর বিপণিবিতানগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘুরে দেখার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাহারা খাতুন এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তদন্তে যদি তাঁর জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তবে তাঁকে ছাড় দেওয়া হবে না। শুধু আমার দলের লোক না, আমার যদি কোনো ভাই-বেরাদারও অন্যায় করে, তাহলেও রেহাই পাবে না।’ইব্রাহিম হত্যা মামলায় তদন্ত-সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তারা জানান, ইব্রাহিম নিহত হওয়ার পর কেন মিথ্যা তথ্য দিয়ে মামলা করা হয়েছে, সে বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে।ইব্রাহিম হত্যা মামলাটি তদন্ত করছেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক মশিউর রহমান। তদন্তের অগ্রগতির ব্যাপারে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, নতুন করে সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। মশিউর রহমান আরও বলেন, নুরুন্নবী চৌধুরীর গাড়ির চালক কামাল হোসেন ওরফে কালা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে খুনের বিবরণ দিয়েছেন; সেই সূত্র ধরে তদন্ত এগিয়ে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির আরেক কর্মকর্তা বলেন, তদন্ত কর্মকর্তারাও নিশ্চিত হয়েছেন সাংসদের অস্ত্রের গুলিতেই ইব্রাহিম খুন হয়েছেন। কিন্তু তারপরও অস্ত্র আইনে পুলিশ কোনো মামলা দায়ের করেনি। এখন পর্যন্ত এই হত্যার ঘটনায় সাংসদকে সব অভিযোগের বাইরে রাখা হয়েছে। জানতে চাইলে ডিবির উপকমিশনার মাহাবুবর রহমান প্রথম আলোকে বলেন, গাড়িচালক কালার স্বীকারোক্তি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। লাশ গুম বা খুনের ঘটনা আড়াল করার প্রমাণ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।