গাড়িতে ‘সংসদ সদস্য’ লেখা কাগুজে স্টিকার ব্যবহার করা যাবে না
সংসদ সচিবালয় গাড়িতে ব্যবহারের জন্য ‘সংসদ সদস্য’ ও ‘সংসদ সচিবালয়’ লেখা কাগুজে স্টিকার ব্যবহার নিষিদ্ধ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সংসদ কমিটিসহ সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে স্পিকার আবদুল হামিদ এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়। এ বিষয়ে সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুর রহমান জানান, এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদ ভবন এলাকার নিরাপত্তা এবং সাংসদদের গাড়ি শুধু তারাই ব্যবহার করছেন—তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে তিনি বলেন, এ সিদ্ধান্ত অনুযায়ী সাংসদদের গাড়িতে ব্যবহারের জন্য ‘সংসদ সদস্য’ লেখা ‘মেটাল ডিস্ক’ ব্যবহারের অনুমোদন দেওয়া হবে।মাহফুজুর রহমান আরও জানান, এ বিষয়ে ইতিমধ্যে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে স্পিকারের কাছে একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে চিঠি ইস্যু করা হবে। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, এ বিষয়ে পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।এর আগে সংসদ ভবন এলাকার নিরাপত্তা নিয়ে সংসদে এবং সংসদ কমিটিতে বারবার আলোচনা ও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। সর্বশেষ সংসদ সচিবালয় ও সংসদ সদস্যসহ বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ সংস্থার কাগুজে স্টিকার লাগানো অনেক গাড়িই বিভিন্ন অপরাধের কাজে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়ায় এ ধরনের সিদ্ধান্ত নেয়া হচ্ছে।এ ব্যাপারে সংসদ এলাকায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নিরাপত্তা কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। সংসদ সদস্য লেখা মেটাল ডিস্ক ছাড়া অন্য যেকোনো স্টিকার লাগানো গাড়ি সংসদ ভবনের প্রবেশ পথে চালকের পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।সূত্র জানায়, নতুন ধরনের স্টিকার চালু করার জন্য কর্মকর্তারা স্পিকারের সঙ্গে আলোচনা করেছেন। সংসদের নিরাপত্তা-সংশ্লি¬ষ্ট কর্মকর্তারা নির্দিষ্ট একটি স্টিকার ব্যবহার না করে, প্রতীক-সংবলিত স্টিকার ব্যবহারের পরামর্শ দিয়েছেন। স্টিকারগুলো যাতে সময়ে সময়ে পরিবর্তন করা যায়, সে ব্যাপারে ব্যবস্থা রাখার বিষয়েও পরামর্শ দিয়েছেন তাঁরা।পুলিশ গতকাল শুক্রবার রাজধানীর গুলশান এলাকায় সংসদ সদস্যের ভুয়া স্টিকার লাগানো গাড়ি থেকে তিনজনকে আটক করে।সরকারদলীয় সংসদ সদস্য অপু উকিল গত মঙ্গলবার সংসদ অধিবেশনে গাড়ির স্টিকার প্রসঙ্গে একটি নোটিশ দেন।এতে বলা হয়, গোয়েন্দা তথ্য অনুযায়ী মাদকের ১০টি চালানের মধ্যে তিনটির ক্ষেত্রেই গাড়িতে বিশেষ স্টিকার লাগানো থাকে। রাজধানীর শীর্ষ মাদক ব্যবসায়ীর নেতৃত্বাধীন অন্তত ৩০টি চক্র রয়েছে; যারা সর্বদাই স্টিকারযুক্ত গাড়িতে মাদক বহন করছে। নোটিশে তিনি ডিজিটাল স্টিকার ব্যবহারের পরামর্শ দেন। খবর বাসস।