গাড়ির চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোগান্তি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল বুধবারও বিচ্ছিন্নভাবে ২০ কিলোমিটার এলাকায় দিনভর যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকা পড়ে ঘরমুখী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। বাসযাত্রী ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, অতিরিক্ত যান ও এলোপাতাড়ি চালানোর কারণে গতকাল সকাল থেকে দিনভর চান্দিনা, হাঁড়িখোলা এলাকা থেকে দাউদকান্দির রায়পুর পর্যন্ত ২০ কিলোমিটারে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঢাকা থেকে নোয়াখালীর চাটখিলগামী মাইক্রোবাসের যাত্রী ইব্রাহীম খলিল (৩৫) বলেন, ভোর ছয়টার দিকে ঢাকা থেকে মাইক্রোবাসযোগে পরিবার নিয়ে রওনা দিয়ে দুপুর পৌনে ১২টায় চান্দিনার নাওতলা এলাকায় পৌঁছান। অথচ যানজট না থাকলে এই পথ অতিক্রম করতে দেড় ঘণ্টার বেশি লাগত না। পাহাড়িকা বাসের যাত্রী চান্দিনার মহনপুর গ্রামের ব্যবসায়ী মো. ইব্রাহীম (৫৫) বলেন, সকাল আটটায় ঢাকার সায়েদাবাদ থেকে বাসে উঠে কাঁচপুর থেকে সোনারগাঁ, মেঘনা সেতু এলাকা থেকে মেঘনা-গোমতী সেতু এলাকা এবং দাউদকান্দির রায়পুর থেকে চান্দিনার হাঁড়িখোলা পর্যন্ত যানজটে আটকা পড়ে দেড় ঘণ্টার পথ আসতে সাড়ে চার ঘণ্টার বেশি সময় লাগে। ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা বাসের সুপারভাইজার আবদুল মালেক বলেন, থেমে থেমে যানজটের মধ্য দিয়ে কুমিল্লায় যেতে হচ্ছে। দাউদকান্দির দক্ষিণ পেন্নাই গ্রামের ব্যবসায়ী মো. আলমগীর (২৫) বলেন, কয়েক দিনের তুলনায় আজ যানজট বেশি। চান্দিনার সাংসদ আলী আশরাফ খানও চান্দিনা যাওয়ার পথে রায়পুর পার হওয়ার পর যানজটে পড়েন। দাউদকান্দি টোল প্লাজার হিসাবরক্ষক কর্মকর্তা মো. আরাফাত হোসেন বলেন, মেঘনা-গোমতী ও মেঘনা সেতুর প্রস্থ কম হওয়ার কারণে যানবাহনের গতিসীমা ২০ হওয়ায় কিছুটা যানজটের সৃষ্টি হয়। সেতুর ওপর একটি গাড়ি অন্য গাড়িকে অতিক্রম করার কারণেও যানজটের সৃষ্টি হয়। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট আনোয়ার হোসেন বলেন, সকালে অটোরিকশা, ব্যক্তিগত গাড়িসহ ছোট গাড়ির সংখ্যা বেশি দেখা যায়। এগুলো এলোপাতাড়ি চলতে থাকে। যানবাহন চলাচলের মাত্রা খুব বেশি লক্ষ করা গেছে।