গাড়ির নকশাবিদ ভিক্টোরিয়া বেকহাম
সাবেক স্পাইস গার্ল ভিক্টোরিয়া বেকহামের বর্তমান পরিচয় তারকা ফুটবলার ডেভিড বেকহামের ঘরনি ও যুক্তরাজ্যের একজন ফ্যাশন ডিজাইনার। সম্প্রতি গাড়ি নকশাবিদ হিসেবেও কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ইভোক’ নামে রেঞ্জ রোভারের একটি বিশেষ সংস্করণের গাড়ির নকশা করছেন ভিক্টোরিয়া বেকহাম। ভিক্টোরিয়া তাঁর নকশা করা গাড়ির প্রচারণায় সম্প্রতি বেইজিং গিয়েছিলেন। সেখানে ২২ এপ্রিল রোববার এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘আমি নিজের কাছে স্বচ্ছ থাকতে চেয়েছি। এমন একটি গাড়ির নকশা করেছি যে গাড়িটি চালাতে কোনো দ্বিধা থাকবে না আর আমার। সম্ভবত এ গাড়িটি ডেভিডও চালাতে চাইবে। যদিও গাড়িটি নারীদের জন্য বিশেষভাবে তৈরি, তার পরও এটির নকশায় পুরুষদের কথাও মাথায় রাখা হয়েছে।’ এর আগে এ ধরনের কোনো প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা না থাকলেও অনেক নতুন কিছু শিখেছেন বলেও স্বীকার করেছেন ভিক্টোরিয়া। ইভোক গাড়িটি তৈরিতে নতুন-পুরোনো অনেক গাড়ি, নৌকা, প্লেন, চলচ্চিত্র তারকাসহ বিভিন্ন স্থান নিয়ে প্রচুর গবেষণা করার কথাও জানিয়েছেন নকশাবিদ ভিক্টোরিয়া।ভিক্টোরিয়ার নকশা করা গাড়িটি বিশেষ সংস্করণ হওয়ায় ২০০টি ইভোক তৈরি করবে নির্মাতা প্রতিষ্ঠান রেঞ্জ রোভার। প্রতিটি গাড়ির দাম পড়বে এক লাখ ২৯ হাজার ডলার।