গাড়ির নিবন্ধন কর না দিয়ে নোটিশ পেলেন টেন্ডুলকার-আম্বানি
দামি গাড়ি কিনে নিবন্ধন করিয়ে কর না দেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। কেবল শচীন টেন্ডুলকারই নন, একই রকম অভিযোগ ভারতের অন্যতম ধনকুবের রিলায়েন্স গ্রুপের অন্যতম কর্ণধার অনিল আম্বানির বিপক্ষে। সম্প্রতি নবীন মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (এনএমএমসি) শচীন টেন্ডুলকার, অনিল আম্বানিসহ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে নিবন্ধন করা গাড়ির কর চেয়ে নোটিশ পাঠিয়েছে। এনএমএমসি প্রায় ২৪ হাজার গাড়ির মালিককে চিহ্নিত করেছে, যাঁরা তাঁদের গাড়ির বিপরীতে সরকারকে অনেক দিন থেকেই কর ফাঁকি দিয়ে যাচ্ছেন। এই ২৪ হাজার গাড়ির মধ্যে আলাদা করা হয়েছে ৫০ লাখ বা এর চেয়ে বেশি দামের গাড়ির মালিকদের। এনএমএমসি জানিয়েছে, একটি গাড়ির যে দাম, সরকারি করের পরিমাণ এর এক শতাংশেরও কম। কিন্তু সেই টাকাটাও টেন্ডুলকার-আম্বানির মতো ধনীরা পরিশোধ করেননি।এনএমএমসির উপকমিশনার মহাবীর পান্ধেরি জানান, তাঁরা টেন্ডুলকার-আম্বানির মতো পরিচিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের করের নথি নিরীক্ষণ করতে গিয়ে অবাক বিস্ময়ে লক্ষ্য করেছেন যে মুম্বাই শহরের কয়েকটি বস্তির ঠিকানায় বেশ কিছু গাড়ির নিবন্ধনের ঠিকানা পাওয়া গেছে, যে গাড়িগুলোর প্রতিটির মূল্য এক কোটি রুপিরও বেশি। এ রকম ভুয়া ঠিকানায় গাড়ি নিবন্ধন করা তালিকায় মুম্বাই নগর উন্নয়ন সংস্থার মতো সরকারি সংস্থাও রয়েছে। এরাও একই রকম ভুয়া ঠিকানায় সংস্থার গাড়ির নিবন্ধন করিয়েছে। নোটিশ পাওয়া ২৪ হাজার গাড়ির মধ্যে ২৩৩টি মার্সিডিজ বেঞ্জ, ১২২টি বিএমডব্লিউ, ৩৭টি অডি ও ৬৯টি ক্যামরি গাড়ি রয়েছে, যার বেশির ভাগের মূল্য ৫০ লাখ রুপি বা তার চেয়েও বেশি।ভুয়া ঠিকানায় নিজেদের গাড়ি নিবন্ধন করার কারণে এসব গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে কোনো ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে কি না, এমন এক প্রশ্নের জবাবে আন্ধেরি বলেন, ‘আমরা কোনো বিতর্কে জড়াতে চাই না। এবার আমাদের লক্ষ্য কেবল বকেয়া কর আদায় করা এবং গাড়িগুলোর কাগজপত্র ঠিক করা। সবচেয়ে বড় কথা, এর মাধ্যমে আমরা সেই সব ক্ষমতাবান ব্যক্তিদের এই বলে সতর্ক করে দিতে চাই, কেউ আইনের ঊর্ধ্বে নন।’ তিনি আরও বলেন, ভবিষ্যতে একই ঘটনা ঘটলে তাঁদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে।