গাড়ির রোগ নির্ণয় করি
‘চাকরিজীবনের প্রথম ছিল সেদিন। বেশ জাঁকিয়ে পড়েছিল শীতটা সেবার। সাদা রঙের একটা সোয়েটার পরে ফুলবাবু হয়ে গেলাম ওয়ার্কশপে। যেতে না-যেতেই ইয়া বড় ২০ টনি এক ট্রাকের ইঞ্জিন পরীক্ষা করার জন্য ঢুকে পড়তে হলো ট্রাকের তলায়। মিনিট দশেক পর কাজ শেষে যখন বের হলাম ট্রাকের তলা থেকে, তখন বেশ দেখার মতো অবস্থা। সাদা সোয়েটারের কোনো অংশে আর সাদা রংটা অবশিষ্ট ছিল না। সেই থেকে আমার সাদা রঙের সঙ্গে আড়ি।’ হাসতে হাসতেই বলে ফেললেন রিফাত।র্যাংগস ওয়ার্কশপে ঢুকে ছোটখাটো এ মেয়েটিকে দেখে অবাকই হতে হলো। লাল রঙের একটা গাড়ির ইঞ্জিন নাড়াচাড়া করছিলেন তিনি খুব দক্ষতার সঙ্গে। আশপাশের অন্য কোনো গাড়ির সামনে আর কোনো মেয়েকে চোখে পড়ল না। পুরো ওয়ার্কশপটিতে তখন কাজ করছিলেন ৮-১০ জন কর্মী। তাঁরা প্রায় সবাই-ই অটোমোবাইল ইঞ্জিনিয়ার। তাঁদের মধ্যে একমাত্র এ মেয়েটিকে দেখে যে-কেউই অবাক হবেন। কারণ, এ পেশায় মেয়েদের অংশগ্রহণের দৃষ্টান্ত খুবই হাতে গোনা।র্যাংগস ওয়ার্কশপ লিমিটেডের সার্ভিস অ্যাডভাইজার রিফাত জাহানের এই পেশায় আসার গল্পটা শোনার লোভটা সামলানো গেল না। এগিয়ে গিয়ে গল্পটা শুনছিলাম তাঁর মুখেই। ছোটবেলা থেকেই রিফাত ছিলেন একটু আলাদা। আর দশটা মেয়ের মতো হাঁড়ি-পাতিল আর পুতুল নিয়ে খেলতে তাঁর একদম ভালো লাগত না। গাড়ি, ট্রাক, ট্রেন আর হেলিকপ্টার ছিল তাঁর প্রিয় খেলনা। খেলনাগুলো অবশ্য আস্ত থাকত না কখনোই। ভেঙেচুরে একাকার করে ভেতরে কী আছে তা দেখাই ছিল তাঁর কাজ। এ কাজে তাঁকে সহায়তা করেছেন তাঁর সমবয়সী এক মামা। কেজি ক্লাসে পড়ার সময়ই মামা-ভাগনি মিলে নানান কিছু দিয়ে ছোটখাটো ইলেকট্রনিক জিনিস বানাতেন। একবার তৈরি করে ফেললেন একটা ফ্যান। ছোট্ট রিফাতের আরেকটি প্রিয় বিষয় ছিল গণিত। গণিতের পড়ালেখাটা খুব ভালো লাগত তাঁর। এসএসসি আর এইচএসসি শেষ করে তাই সিদ্ধান্তমতো ভর্তি হলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যন্ত্রকৌশল বিভাগে। তখন থেকেই অটোমোবাইল নিয়ে তাঁর আগ্রহ সৃষ্টি হয়েছিল। থিসিস করলেন অটোমোবাইল বিষয় নিয়ে। গ্র্যাজুয়েশন শেষ করে অন্য একটি ক্ষেত্রে চাকরিতে ঢুকলেন। কিন্তু না, ভালো লাগেনি তাঁর। অবশেষে মিলল নিজের পছন্দের চাকরিটি। ২০০৮ সালে যোগদান করলেন রানার মোটরস লিমিটেডে। অবশ্য তাতে ঝক্কি-ঝামেলাও কম পোহাতে হয়নি। চাকরির ইন্টারভিউয়ে বারবার ভালো করা সত্ত্বেও নারী বলে বড় কর্তারা ছিলেন শঙ্কিত। তাঁকে নেবেন কি নেবেন না, এই দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন সবাই। কারণ, নারীরা কেউ এ পেশায় আসেনি তখন পর্যন্ত। ‘তুমি তো মেয়ে। তুমি কি পারবে?’ এ প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে বারবার। সবাইকে তিনি দিয়েছিলেন সাবলীল এক উত্তর, ‘আমি যদি শুরু না করি’। তবে শুরুটা কীভাবে হবে? আমি চাই শুরু করতে।’তবুও তিন মাস তাঁকে দেখা হলো। শেষ পর্যন্ত উত্তীর্ণ হলেন। কোম্পানির জিএম লে. কর্নেল শামসুর রহমানের পুরো সহায়তা পেয়েছিলেন তিনি। হাতেকলমে কাজটা শিখেছিলেন তাঁর কাছেই। সহকর্মীদের সহায়তাও পেয়েছিলেন খুব আন্তরিকভাবে। প্রথম চাকরিটা ছিল তাঁর ট্রাক সেক্টরে। ভারতে প্রশিক্ষণে যেতে পারেননি প্রথমবার, এতগুলো পুরুষ সহকর্মীর সঙ্গে একমাত্র নারী বলে। তারপর কোম্পানির পক্ষ থেকে খুঁজে বের করা হলো আরও দুজন নারীকে। অবশেষে তিনজন মিলে ২০০৯ সালে ভারতে যাওয়া হলো প্রশিক্ষণে। সেখানে নতুন করে আরও অনেক অভিজ্ঞতা হলো তাঁর।যোগ দিলেন র্যাংগস ওয়ার্কশপে। ‘চিকিৎসকেরা যেমন রোগীর রোগ নির্ণয় করে ওষুধ দেন, আমরাও কোনো গাড়ির রোগটা নির্ণয় করি আগে, তারপর দিই সমাধান, বলেন রিফাত। র্যাংগস ওয়ার্কশপের এইচআর অ্যান্ড অ্যাডমিনের ম্যানেজার অ্যান্ড ইন চার্জ রহমান সাদাতের কাছে জানা গেল এ ক্ষেত্রে রিফাতের প্রশংসনীয় সব কাজের কথা। রহমান সাদাতও মনে করেন, এ পেশায় নারী এলে খুব ভালো করবে। ‘মেয়েরা খুব ধৈর্যশীল হয়। আর এ পেশাটিতে ধৈর্য খুব গুরুত্বপূর্ণ। খুঁটিয়ে খুঁটিয়ে ধৈর্যসহকারে দেখতে হয় একেকটি গাড়ির সমস্যা।’ বলেন তিনি। একফাঁকে জেনে নিলাম রিফাতের পরিবারের কথাও। রিফাতেরা তিন ভাইবোন। দুই বোন, এক ভাই। ছোটবেলা থেকে কখনো বোধ করেননি যে তিনি একজন নারী, বরং তারা দুই বোন আর ভাই বড় হয়েছেন সমান সুযোগসুবিধা পেয়ে। মাকে খুব ভালোবাসেন তিনি। মা-ই তাঁর সব কর্মপ্রেরণার উৎস। উত্তরায় মা-বাবার সঙ্গেই থাকেন তিনি।রিফাত জাহানের খুব দুঃখ, আমাদের দেশে এত মেধাবী ইঞ্জিনিয়ার থাকতেও বিদেশ থেকে ইঞ্জিন আমদানি করতে হয় বলে। রিফাতের স্বপ্ন, তিনি একদিন নিজেই ডিজাইন করবেন গাড়ির ইঞ্জিনের।