গায়ানার হাওয়া লাগছে গায়ে
১১৭ রানে দক্ষিণ আফ্রিকার ৫ উইকেট পড়ে যাওয়ার পর গ্রায়েম স্মিথের চেয়ে খুব একটা কম দুশ্চিন্তা হয়নি সাকিব আল হাসানের! পরের ম্যাচের প্রতিপক্ষ, অথচ বাংলাদেশ অধিনায়ক যে কাল সেই দক্ষিণ আফ্রিকারই প্রবল সমর্থক!সন্ধ্যার পরপর সাকিবকে যখন ফোনে ধরা গেল, তাঁর চোখ টেলিভিশনে দক্ষিণ আফ্রিকা-আয়ারল্যান্ড ম্যাচে। হাসতে হাসতে বললেন, ‘আজ আমি দক্ষিণ আফ্রিকার সাপোর্টার। আগামী পরশু ওয়েস্ট ইন্ডিজের।’হওয়ারই কথা। কাল দক্ষিণ আফ্রিকা হেরে গেলে কোয়ার্টার ফাইনালে ওঠার যে সমীকরণ গুছিয়ে এনেছে বাংলাদেশ, সেটি এলোমেলো হয়ে যেত। তা হয়নি। পাণ্ডুলিপির প্রথম অধ্যায় বাংলাদেশের প্রত্যাশামতোই লেখা হয়েছে। দ্বিতীয় অধ্যায়টাও তা-ই হলে, মানে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডকে হারিয়ে দিলে, এই লেখার বাকি অংশ নিতান্তই অপ্রয়োজনীয় বলে মনে হবে।বাকি অংশে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। আগামী শনিবারের মহারণ।এই বিশ্বকাপে ফিরে ফিরে আসছে চার বছর আগের ক্যারিবিয়ান বিশ্বকাপ। ভারতের বিপক্ষে ম্যাচের আগে এসেছে ত্রিনিদাদ। আয়ারল্যান্ডের আগে বারবাডোজ। দক্ষিণ আফ্রিকা ফিরিয়ে আনছে গায়ানার স্মৃতি। ওই ম্যাচের কথা মনে হলে কোন ছবিটা প্রথম ভেসে ওঠে আপনার চোখে? উত্তর দেওয়ার আগে একই প্রশ্ন করে তিন ভদ্রলোকের কাছে কী জবাব পাওয়া গেল, সেটি আগে পড়ে নিন—সাকিব আল হাসান: পুরো স্টেডিয়াম আমাদের সাপোর্ট করছিল। কেন জানি না, তবে ওই ম্যাচটার কথা ভাবলে প্রথম এটাই মনে পড়ে। হাবিবুল বাশার: দক্ষিণ আফ্রিকা এই বিশ্বকাপের চেয়েও দাপটে খেলছিল। আর আমরা ওদের খুব আরামে হারিয়েছিলাম। মাশরাফি বিন মুর্তজা: প্রথমেই মনে পড়ে আফতাব আর আশরাফুলের পার্টনারশিপটা। তবে সবচেয়ে মজার স্মৃতি, রাসেলের বলে গ্রায়েম স্মিথ দুবার ব্যাট চালিয়েও বোল্ড হয়েছিল। উইকেট ছিল এমনই স্লো! মোহাম্মদ আশরাফুলকে এই প্রশ্নটা করা হয়নি। উত্তরটা তো অনুমিতই। আশরাফুলের ৮৩ বলে ৮৭ রানের স্ট্রোক ঝলমলে এক ইনিংসেই লেখা হয়েছিল ওই গায়ানা-কাব্য। তাঁর তো সবার আগে সেটির কথাই মনে পড়বে। স্মরণীয় ইনিংস কম খেলেননি, তবে এটি এখনো আশরাফুলের কাছে ‘স্পেশাল ইনিংস’-এর মর্যাদা পায়। আরেকটি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ আশরাফুলের মনে ফিরিয়ে আনছে সেই স্মৃতি। সঙ্গে একটু দুঃখও। এবার যে তাঁর দর্শক হয়ে থাকাটা একরকম নিশ্চিতই। দুই ম্যাচ খেলার পর গত দুই ম্যাচে বাদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশ নির্বাচনের সময় কি আশরাফুলের ওই ইনিংস বিবেচনায় আসবে? অধিনায়ক সাকিব আল হাসান ছোট্ট উত্তর দিচ্ছেন, ‘চান্স কম’। আসলে পড়তে হবে, ‘কোনো চান্স নেই।’আশরাফুলও সেটি বুঝে গেছেন, ‘গায়ানার কথা খুব মনে হচ্ছে বলে দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে বেশি খারাপ লাগছে। আমি বোধ হয় খেলছি না, তবে আমি চাই, বাংলাদেশ যেন এবারও জেতে।’খেলার বাইরেও গায়ানার অনেক স্মৃতিই ভিড় করছে আশরাফুলের মনে। হোটেল, ইন্ডিয়ান রেস্টুরেস্ট, বাংলাদেশ দলকে অভিনন্দন জানাতে গায়ানার মহিলা প্রধানমন্ত্রীর টিম হোটেলে চলে আসা...। মাশরাফির একটা নদীর কথাও খুব মনে পড়ছে, ‘এয়ারপোর্ট থেকে আমরা যখন বাসে হোটেলে যাচ্ছি, পাশেই একটা বড় নদী পড়েছিল। শুনলাম, ওই নদীর ওপারেই নাকি ব্রাজিল। ব্রাজিল দেখার খুব শখ তো, তাই কথাটা এখনো মনে আছে।’যেসব দেশ নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল, তাদের মধ্যে গায়ানাই একমাত্র ব্যতিক্রম হয়ে দ্বীপরাষ্ট্র নয়। ব্যতিক্রম আরও অনেক দিক থেকেই। বারবাডোজ-অ্যান্টিগার তুলনায় অনেক সস্তা। জর্জটাউনের রাস্তাঘাটও অনেকটা বিশ্বকাপ-পূর্ব ঢাকার মতো। প্রচুর ভারতীয়ের বাস। ভারতীয় রেস্টুরেস্ট-টেস্টুরেস্ট মিলিয়ে জর্জটাউনে দেশীয় আবহই পেয়েছিল বাংলাদেশ দল। সেই অনুভূতিটা আরও জোরালো হয়েছিল পুরো স্টেডিয়ামের সমর্থনে, সাকিবের যেটি সবার আগে মনে পড়ছে।হাবিবুল বাশার আরামে জেতার কথা বলছেন। এত আরামে বাংলাদেশ আর কোনো বড় দলকেই হারায়নি। অথচ দক্ষিণ আফ্রিকা তখন ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বর। ৪ উইকেটে ৮৪ থেকে বাংলাদেশ ৮ উইকেটে ২৫১। দক্ষিণ আফ্রিকা কেঁদে ককিয়ে ১৮৪ পর্যন্ত যেতে পেরেছিল। ৪৮.৪ ওভার স্থায়ী ইনিংস তবে সাংবাদিকেরা ম্যাচ রিপোর্ট লেখা শুরু করে দিয়েছিলেন ২৩/২৪ ওভার শেষেই!বল পেতে দ্বিতীয়বার ব্যাট ঘোরাতে হয়, উইকেট ছিল এমন স্লো। সঙ্গে বড় বড় টার্ন। মিরপুরের উইকেটটাকে অমন বানিয়ে ফেললে হয় না? সমস্যা হলো, দক্ষিণ আফ্রিকা দলেও এবার বল টার্ন করানোর লোক কম নেই। রবিন পিটারসন ও ইয়ান বোথার সঙ্গে যোগ হয়েছেন ইমরান তাহির। বাংলাদেশের আসল অস্ত্র বাঁহাতি স্পিন। একমাত্র অস্ত্রও। কিন্তু গ্রায়েম স্মিথের হাতে সব জাতের স্পিনারই আছে। বোথা ও পিটারসন ডান ও বাঁহাতি ফিঙ্গার স্পিনার। ইমরান তাহির ডানহাতি রিস্ট স্পিনার। ত্রিফলাটা যথেষ্টই ধারালো।ওই স্পিন আক্রমণের সঙ্গে স্টেইন-মরকেল-ক্যালিস—সুষম বোলিং আক্রমণের কথা বললে এই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাই সেরা। ব্যাটিং লাইনআপেও তারকারাজি। তবে সে তো গায়ানাতেও ছিল। দক্ষিণ আফ্রিকার আসল ওষুধ তো চাপ। ওরা ‘চোকার্স’, চাপ দিলেই ভেঙে পড়ে।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে বেশির ভাগ অধিনায়কই এ নিয়ে ‘মাইন্ড গেম’ খেলেন। তবে সাকিব তা করবেন বলে মনে হয় না। দক্ষিণ আফ্রিকাকে ‘চোকার্স’ বলাটাকে যে অন্যায় অপবাদ বলেই মনে হয় তাঁর কাছে, ‘ওরা যে বেশ কয়েকবার আসল সময়ে হেরে গেছে, আমি এটাকে কাকতালীয় বলব। বিশেষ করে ভারতের বিপক্ষে ওরা যেভাবে জিতেছে, এটা ওদের মানসিকভাবে অনেক এগিয়ে দিয়েছে।’দক্ষিণ আফ্রিকা সম্পর্কে শ্রদ্ধা আছে। তবে তাদের অজেয় বলে মনে করেন না মোটেই। ‘জয় চাই’, ‘জয় চাই’ জপতে জপতেই মাঠে নামবেন সাকিব আল হাসান। এমনকি ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডকে হারিয়ে এটিকে কোয়ার্টার ফাইনালের ‘প্রস্তুতি ম্যাচ’ বানিয়ে দিলেও।