গায়ে কেরোসিন ঢেলে আগুন, স্কুলছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের কোনা ভাওয়াল গ্রামে মরিয়ম আক্তার পিংকি (১৫) নামের এক স্কুলছাত্রী অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। সে স্থানীয় পুরুড়া উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়ত। গত সোমবার সকালে বাড়িতে অগ্নিদগ্ধ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তির পর সোমবার রাত একটার দিকে সে মারা যায়।পিংকির পরিবারের অভিযোগ, এলাকার এক বখাটে যুবক পিংকির শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিলে তার মৃত্যু হয়। তবে ওই যুবকের পরিবার এ অভিযোগ অস্বীকার করেছে।পিংকির খালা ও একই বাড়ির বাসিন্দা জ্যোৎস্না আক্তার (৪০) জানান, সোমবার সকালে পিংকিকে ঘরে রেখে তার মা পাশের বাড়িতে যান। এ সময় শরীরে আগুন নিয়ে পিংকি হঠাৎ ঘর থেকে বের হয়ে দৌড়ে বাড়ির পাশে একটি পুকুরে ঝাঁপ দেয়। সে পুকুরে যাওয়ার সময় তিনিও তাঁর পিছু পিছু ছুটে যান। পিংকিকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা ছয়টার দিকে তার মৃত্যু হয়।পিংকির মা লতিফা আক্তার অভিযোগ করেন, একই গ্রামের জারু মিয়ার বখাটে ছেলে তবারক হোসেন (২৫) দুই বছর ধরে পিংকিকে প্রেম নিবেদন করে আসছিলেন। এতে সাড়া না পেয়ে তবরাক প্রায়ই তাঁদের বাড়ির টিনের চালে রাতে ঢিল ছুড়ত। তিনি প্রায়ই পিংকির পথরোধ করে তাকে ভয়ভীতি দেখাতেন। একই অভিযোগ পিংকির চাচা আবদুল কাইয়ুম ভুঁইয়ারও।গতকাল দুপুরে পিংকিদের বাড়িতে গিয়ে জানা গেছে, পিংকির লাশ ময়নাতদন্তের জন্য তখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। এ সময় মুঠোফোনে তার মায়ের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আহত অবস্থায় গাড়িতে করে ঢাকায় নিয়ে আসার সময় মেয়ে আমাকে সব বলেছে। পিংকি বলেছে, ঘটনার সময় তবারক হঠাৎ আমাদের ঘরে ঢোকে। তাকে একা পেয়ে তবারক কৌশলে পিংকির শরীরে কুপিবাতির কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এরপর সে দৌড়ে পালিয়ে যায়।’ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পিংকির বাবা আলফাতুন ভুঁইয়া অভিযোগ করেন, তবারকের বিচার চেয়ে একাধিকবার গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের কাছে গেলেও তাঁরা কোনো গা করেননি।অভিযুক্ত তবারকের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর মা রহিমা আক্তার (৫৮) জানান, তবারক সোমবার সন্ধ্যার আগে নরসিংদী চলে গেছেন। তবারক পিংকিকে বিরক্ত করতেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটা মিথ্যা কথা। এর আগে কেউ আমাকে এ ব্যাপারে কিছু বলেনি।’ এ সময় তবারকের বাবা জারু মিয়া বাড়িতে ছিলেন না।তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ না এলেও ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।পুলিশ পিংকিদের বাড়িতে তল্লাশি চালিয়ে তার লেখা দুটি চিঠি উদ্ধার করেছে। দুটি চিঠিই ছিল ‘প্রিয় আর’ শিরোনামে।