গিনিতে আজ প্রথম উন্মুক্ত নির্বাচন
গিনির নাগরিকেরা ১৯৫৮ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর আজ রোববার প্রথমবারের মতো শর্তহীনভাবে তাদের প্রেসিডেন্ট নির্বাচন করতে ভোট দেবে।বার্তা সংস্থা রয়টার্স জানায়, নির্বাচনটি যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তবে তা দেশটির বিপুল খনিজ সম্পদ কাজে লাগিয়ে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য প্রয়োজনীয় বিনিয়োগ আকর্ষণের পরিবেশ তৈরির সম্ভাবনা সৃষ্টি করবে। একই সঙ্গে এটি একের পর এক ক্যু ও কারচুপিপূর্ণ নির্বাচনের ইতিহাস-ভারাক্রান্ত এই অঞ্চলটিতে গণতান্ত্রিক আন্দোলনগুলোকে উত্সাহিত করবে।গত ২৮ সেপ্টেম্বরে গিনির সেনাবাহিনী গণতন্ত্রপন্থীদের এক মিছিলে অংশগ্রহণকারীদের নির্বিচারে হত্যা করে, যা পশ্চিম আফ্রিকার এ দেশটিকে গৃহযুদ্ধের কাছাকাছি নিয়ে যায়। গিনির নাগরিকেরা এখনো সেই দুঃস্বপ্নের ঘোর কাটিয়ে উঠতে পারেনি। ওই ঘটনার কয়েক সপ্তাহ পর সামরিক শাসক মুসা দাদিস কামারা তাঁর এক সহকারীর গুলিতে আহত হন। তাঁর পর সামরিক শাসক হিসেবে ক্ষমতায় আসেন পাশ্চাত্যের সমর্থনপুষ্ট সেকুবা কোনাতে। যিনি বেসামরিক নাগরিকদের হাতে ক্ষমতা হস্তান্তর করার প্রতিশ্রুতি দেন।মুসা দ্রেইম নামের এক জেলে বলেন, ‘আমি এমন একজন নাগরিককে ভোট দেব, যিনি গিনিকে সাহায্য করতে পারেন; এমন কাউকে নয়, যিনি গিনিকে টাকা বানানোর একটি দোকানের মতো ব্যবহার করবে। ওই যুগ শেষ হয়ে গেছে।’গিনি বিশ্বের শীর্ষ বক্সাইট রপ্তানিকারক দেশ। কিন্তু দেশটির এক কোটি অধিবাসীর এক-তৃতীয়াংশই হতদরিদ্র।সেকুবা কোনাতে, যিনি জোর দিয়ে বলেন যে রাজনৈতিক ক্ষমতার জন্য তাঁর কোনো আগ্রহ নেই, গতকাল শনিবার রাতে গিনিয়ানদের বলেন, তাঁরা এখন এক ক্রান্তিকালে আছেন।সেকুবা কোনাতে সাংবাদিকদের বলেন, ‘আমি গিনিয়ানদের বলি, এটা আপনাদের বেছে নেওয়ার ব্যাপার: স্বাধীনতা, শান্তি ও গণতন্ত্র অথবা অস্থিতিশীলতা ও সহিংসতা।’ তিনি আরও বলেন, ‘এটা কেবল একজন প্রার্থী বেছে নেওয়ার প্রশ্ন নয়, এটা আমাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করার প্রশ্ন।’প্রেসিডেন্ট পদের জন্য ২৪ জন প্রার্থী প্রতিযোগিতা করছেন। এত প্রার্থী থাকায় অধিকাংশ পর্যবেক্ষক আজকের নির্বাচনে তাঁদের কোনো একজন সুস্পষ্টভাবে বিজয়ী হবেন তা আশা করেন না। আগামী বুধবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এরপর অগ্রবর্তী প্রার্থীরা আগামী ১৮ জুলাই অনুষ্ঠেয় দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে ভোটারদের সমর্থন লাভের জন্য নানা জোট গঠন করবেন।গিনিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া মোলার বলেন, ‘যিনি বিজয়ী হবেন তাঁকে এমন একটি সরকার গঠন করতে হবে, যা সমগ্র গিনির প্রতিনিধিত্ব করবে। এ ক্ষেত্রে বেশ তীব্র দর কষাকষি হবে।’প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মধ্যে জনসমর্থনের দিক দিয়ে যাঁরা এগিয়ে আছেন তাঁদের মধ্যে আছেন অ্যাসেম্বলি অব গিনিয়ান পিপলের নেতা আলফা কোন্ডে এবং ইউনিয়ন অব ডেমোক্রেটিক ফোর্সেস অব গিনির সেল্লু ড্যালেইন দিয়াল্লো।