গিনিতে জরুরি অবস্থা জারি
প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে চলমান সহিংসতার জের ধরে গিনির অন্তর্বর্তীকালীন সরকার গতকাল বুধবার দেশটিতে জরুরি অবস্থা জারি করেছে।গিনির সেনাবাহিনীর প্রধান নউহু থিয়াম টেলিভিশনে দেশব্যাপী জরুরি অবস্থা জারির ঘোষণা দেন।৭ নভেম্বর দেশটিতে দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনের ফলাফল ঘোষিত হয় গত সোমবার। এর পর থেকেই দেশটিতে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিরোধী দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন সূত্রে জানা গেছে, সংঘর্ষে এ পর্যন্ত সাতজন নিহত হয়েছে।দ্বিতীয় দফা নির্বাচনে জয়ী প্রার্থী আলফা কোনডে বলেছেন, তিনি গিনির জাতীয় সংস্কার-প্রক্রিয়ায় নেতৃত্ব দিতে চান। তবে তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী সেলু দালেইন দিয়ালোকে এ সহিংসতার জন্য দায়ী করেছেন।দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জেনারেল সেকুবা কোনাতের একজন মুখপাত্র মেজর মোহাম্মেদ ক্যাসে বলেছেন, যত দিন না পর্যন্ত দেশটির সুপ্রিম কোর্ট কর্তৃক নির্বাচনের ফলাফল নির্ধারিত হচ্ছে, তত দিন জরুরি অবস্থা বহাল থাকবে। ফলে দেশটিতে সব ধরনের প্রতিবাদ ও সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে। এ নির্বাচনের ফলে দেশটিতে দীর্ঘদিন পর গণতন্ত্রের আভাস পাওয়া যাচ্ছিল। কিন্তু গত জুনে প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পরই সহিংসতার সূত্রপাত ঘটে। ওই নির্বাচনে সেলু দালেইন দিয়ালো বিজয়ী হন। তবে দ্বিতীয় দফা নির্বাচনে ৫২ দশমিক ৫২ শতাংশ ভোট পেয়ে আলফা কোনডে জয় লাভ করেন।দিয়ালো দাবি করেন, দ্বিতীয় দফা নির্বাচনে কিছু ভোটকেন্দ্রে সহিংসতা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তিনি এ নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করেছেন। দেশটির নির্বাচনী আইন অনুযায়ী, ফল ঘোষণার দিন থেকে শুরু করে আট দিন পর আদালত এ বিষয়ে রায় দেবেন। বিবিসি।