গিনিতে নৌকাডুবিতে নিহত ৩০
আটলান্টিক মহাসাগরে আফ্রিকার দক্ষিণ উপকূলের দেশ গিনির একটি নৌকা গতকাল শুক্রবার ডুবে গেলে কমপক্ষে ৩০ জন যাত্রী নিহত হয়েছেন। বিবিসি অনলাইনে প্রকাশিত এক খবরে আজ শনিবার বলা হয়, কয়েকজন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, আর কাউকে জীবিত খুঁজে পাওয়ার সম্ভাবনা নেই।যাত্রীরা রাজধানী কোংক্রি থেকে অন্য একটি দ্বীপে যাচ্ছিল। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, নৌকাটি সাগরে ডুবে থাকা পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। গিনিতে অতিরিক্ত যাত্রী নিয়ে এসব লক্করঝক্কর নৌকা ডুবে যাওয়ার ঘটনা এখন নিয়মিত ব্যাপার।উদ্ধারকারী দলের কর্মকর্তা ল্যানফিয়া কামারা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘কোনো আশা না থাকলেও কাউকে জীবিত উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত ৩০ জনকে মৃত উদ্ধার করা হয়েছে।’ প্রত্যক্ষদর্শী ইব্রাহিমা বানগৌড়া বার্তা সংস্থা রয়টার্সকে জানান, যাত্রীদের অধিকাংশই ছিলেন নারী ব্যবসায়ী। তিনি বলেন, নৌকাটি বন্দর থেকে যাত্রা করার পর দমকা বাতাসে নিয়ন্ত্রণ হারিয়ে পাথরে ধাক্কা খায়।