গিরি মিয়ানমারে আঘাত হেনে দুর্বল হয়ে গেছে
ঘূর্ণিঝড় গিরির আঘাতের হাত থেকে অল্পের জন্য বেঁচে গেল বাংলাদেশ উপকূল। আজ রাত আটটায় ঘূর্ণিঝড়টি প্রচণ্ড শক্তি নিয়ে মিয়ানমারের সিটুই প্রদেশে আঘাত করেছে। মিয়ানমার উপকূলে আঘাতের সময় এর গতিবেগ ছিল ঘণ্টায় ১৬৩ কিলোমিটার। এর প্রভাবে টেকনাফ ও সেন্টমার্টিনে ঝোড়ো হাওয়া বয়ে যায়। চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে স্বাভাবিকের চেয়ে চার থেকে ছয় ফুট উচ্চতার জোয়ারের সৃষ্টি হয়। বাংলাদেশ আবহাওয়া বিভাগ ও ভারতীয় আবহাওয়া বিভাগ (বিএমডি) সূত্রে এ কথা জানা গেছে। আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় গিরি মিয়ানমার উপকূল অতিক্রম করে যাওয়ায় আপাতত বাংলাদেশের উপকূলীয় এলাকা আশঙ্কামুক্ত। চট্টগ্রাম ও মংলা বন্দরকে পাঁচ নম্বর সতর্কসংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কাল শনিবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আবহাওয়াবিদেরা জানিয়েছেন।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান আজ শুক্রবার রাত সাড়ে নয়টায় প্রথম আলোকে জানান, ঘূর্ণিঝড়টি বিকেল নাগাদ কিছুটা সরে গিয়ে মিয়ানমার উপকূলে আঘাত হেনেছে। বাংলাদেশ উপকূলে আর তেমন আশঙ্কার কিছু নেই। কালকের মধ্যে সাগর ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। বাংলাদেশ আবহাওয়া বিভাগের রাত নয়টায় প্রকাশ করা ১৫ নম্বর বুলেটিনে বলা হয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় অবস্থানরত হ্যারিকেনের তীব্রতা সম্পন্ন প্রবল ঘূর্ণিঝড় গিরি সামান্য উত্তর দিকে সরে গিয়ে আজ রাত আটটায় মিয়ানমারের সিটুইয়ের দক্ষিণ দিক দিয়ে মিয়ানমার উপকূল অতিক্রম করেছে। এটি পরবর্তী তিন-চার ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করে। ঘূর্ণিঝড় গিরির প্রভাবে সমুদ্রবন্দরগুলো এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যায়।ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ছিল ঘণ্টায় ১৬০ কিলোমিটার; যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল। সাগর খুবই উত্তাল ছিল।ঘূর্ণিঝড় ও পূর্ণিমার প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা এবং এদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন থেকে পাঁচ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়।২০০৮ সালের মে মাসে ঘূর্ণিঝড় নার্গিস মিয়ানমারে আঘাত করে। সে সময় এক লাখ ১৪ হাজার মানুষ মারা যায় এবং ২৫ লাখ লোক বাস্তুহারা হয়। ২০০০ সালে বিশ্ব আবহাওয়া সংস্থা জাতিসংঘের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সংস্থা (এসকেপ) ভারত মহাসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড়গুলোর ৬৫টি নাম ঠিক করে। তারই ধারাবাহিকতায় ২০০৯ থেকে আইলা, পাইয়ান, লাইলা, ফেটের পর আসা ঘূর্ণিঝড়টি নাম ‘গিরি’ ঠিক করা হয়। ভারতীয় আবহাওয়া বিভাগের (আইএমডি) পক্ষ থেকে গিরি নামটি প্রস্তাব করা হয়েছিল; যার বাংলা অর্থ পাহাড়।