গিরি: সতর্কসংকেত প্রত্যাহার, টেকনাফ, কুতুবদিয়া প্লাবিত
চট্টগ্রাম, মংলা সমুদ্রবন্দর ও কক্সবাজার থেকে স্থানীয় সতর্কসংকেত তুলে নিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল শনিবার অধিদপ্তরের এক বার্তায় এ কথা জানিয়ে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই।এদিকে ঘূর্ণিঝড় ‘গিরি’ শুক্রবার রাতে মিয়ানমারের ওপর দিয়ে বয়ে গেলেও এখনো বঙ্গোপসাগর ও নাফ নদী উত্তাল রয়েছে। জাহাজ ও ট্রলার চলতে না পারায় কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে পাঁচ দিন ধরে মিয়ানমারের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। অন্যদিকে শুক্রবার রাতে গিরির প্রভাবে কক্সবাজারের টেকনাফ ও কুতুবদিয়া উপজেলার ৮৬টি গ্রাম প্লাবিত হয়েছে। অনেকের মাছের ঘের তলিয়ে যায়।গিরির প্রভাবে সেন্ট মার্টিন দ্বীপে আটকে পড়া ২০ বাংলাদেশি পর্যটক গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নিরাপদে টেকনাফে পৌঁছেছেন। অপর তিন বিদেশি পর্যটক নিরাপত্তার অভাবে সেন্ট মার্টিনে থেকে গেছেন। টেকনাফ-সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হলে তাঁরা ফিরবেন বলে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ আহমদ খান জানিয়েছেন। কক্সবাজার থেকে নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:কক্সবাজার: ১৯ অক্টোবর থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত পাঁচ দিন টেকনাফ স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আমদানি-রপ্তানি বন্ধ থাকায় পাঁচ দিনে সরকার প্রায় ৮৫ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ স্থলবন্দরের শুল্ক বিভাগের সুপার মো. আনোয়ার মাসুম। টেকনাফ: গিরির প্রভাবে নাফ নদী ও বঙ্গোপসাগরে জোয়ারের পানি চার থেকে সাত ফুট বেড়ে টেকনাফের ৪৬টি গ্রামের প্রায় ৭০ হাজারের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এজাহার মিয়া বলেন, ভাঙা বেড়িবাঁধের বিভিন্ন স্থান দিয়ে জোয়ারের পানি ঢুকে শাহপরীর দ্বীপের অধিকাংশ গ্রাম প্লাবিত হয়েছে। চলতি মাসে নিম্নচাপে টেকনাফ উপকূলীয় এলাকার বিভিন্ন স্থানে বেড়িবাঁধে ভাঙনের ফলে পুরো দ্বীপবাসী এখন হুমকির মুখে রয়েছে।সেন্ট মার্টিন ইউপির চেয়ারম্যান ফিরোজ আহমদ খান বলেন, গিরির প্রভাবে দ্বীপের একাধিক বসতবাড়ি, দোকানপাট, ফিশারি, পর্যটন জেটি ও বালুচরের ওপর দিয়ে জোয়ারের পানি ঢুকে পড়ে। এতে দুই হাজারের বেশি মানুষ ইউপি কমপ্লেক্স, হাসপাতাল ও বিভিন্ন হোটেলে আশ্রয় নেয়। পর্যাপ্তসংখ্যক ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র না থাকায় লোকজনকে নিরাপত্তা দিতে হিমশিম খেতে হয়েছে। কুতুবদিয়া: গিরির প্রভাবে বঙ্গোপসাগরের পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে চার থেকে সাত ফুট বেড়ে কুতুবদিয়া দ্বীপের ৪০টির বেশি গ্রামে লোনাপানি ঢুকেছে। উপজেলার ছয়টি চিংড়িঘেরের বাঁধ ভেঙে গেলে মাছ ভেসে যায়। এদিকে শুক্রবার রাতে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া লোকজন গতকাল সকাল থেকে বাড়ি ফিরতে শুরু করেছে। তবে উপজেলা প্রশাসন মাইকিং করে মাছ ধরার ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে থাকতে বলেছে।