গিলগিট-বালতিস্তানে বন্যা ও বজ্রপাতে ৪৬ জনের প্রাণহানি
পাকিস্তানের গিলগিট-বালতিস্তানের দিয়ামার জেলায় বন্যা ও বজ্রপাতে কমপক্ষে ৪৬ জনের প্রাণহানি ঘটেছে। এর পাশাপাশি এ বন্যায় আরও ১০ জন নিখোঁজ রয়েছে। খবর ডন অনলাইনের।স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, চিলাস থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত গাইসবালায় গতকাল বুধবার বজ্রপাত আঘাত হানে। এতে ঘটনাস্থলেই ৩৫ জন নিহত হয়। নিহত ব্যক্তিরা মাত্র কয়েক দিন আগেই বন্যায় বিধ্বস্ত বাড়িঘর ছেড়ে ওই এলাকার পাহাড়ের পাদদেশে আশ্রয় নিয়েছিল।গিলগিটের পুলিশপ্রধান আলী শের বলেন, সিন্ধু নদের পানি বৃদ্ধি পেয়ে কারাকোরাম মহাসড়কের সঙ্গে ওই এলাকার যোগাযোগের একমাত্র সংযোগ সেতু বিধ্বস্ত হওয়ায় যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। এর আগে গতকাল মঙ্গলবার বন্যায় খিনার উপত্যাকায় ১১ জনের মৃত্যু হয়।গিলগিট-বালতিস্তানে এ পর্যন্ত বন্যায় অন্তত ১০০ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ৫৮ জনই বালতিস্তানের অধিবাসী। গত ১২ দিন ধরে মহাসড়ক ও সংযোগ সড়কগুলো বন্ধ থাকায় এলাকার লোকজন চরম দুর্ভোগ পোহাচ্ছে। সেখানে বিমান ওঠানামাও বন্ধ রয়েছে। এ ছাড়া সেখানে ওষুধপত্রের ঘাটতি দেখা দিয়েছে।