গিলানি দোষী সাব্যস্ত, প্রতীকী সাজা
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি আদালত অবমাননার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। আদালত গিলানিকে কোনো কারাদণ্ড না দিলেও তাঁকে ৩০ সেকেন্ডের প্রতীকী দণ্ড দেন বলে পাকিস্তানের দ্য ডন পত্রিকার অনলাইন জানিয়েছে।বিচারপতি নাসির-উল-মুলুকের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের সাত সদস্যের বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। রায়ে বিচারপতি নাসির-উল-মুলুক বলেছেন, চিঠির ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশনা ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করায় পাকিস্তানের সংবিধানের ৬৩(১)(জি) ধারায় প্রধানমন্ত্রী আদালত অবমাননায় দোষী সাব্যস্ত হয়েছেন।পাকিস্তানের গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, সুপ্রিম কোর্টের এ রায়ের পর প্রধানমন্ত্রী গিলানি পার্লামেন্টের সদস্য থাকার যোগ্যতা হারিয়েছেন। ফলে তিনি প্রধানমন্ত্রিত্বের পদ হারাতে পারেন।তবে দেশটির আইন বিশেষজ্ঞরা এ বিষয়ে বিভক্ত মত দিয়েছেন। এ কারণে আদালতের রায়ের পূর্ণাঙ্গ বিবরণ না পাওয়া পর্যন্ত গিলানির ভাগ্য সম্পর্কে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।রায় শেষে হাসি মুখে আদালত ত্যাগ করেন গিলানি। আদালতে গিলানির সঙ্গে তাঁর ছেলে, মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য, রাজনীতিবিদ ও দেশি-বিদেশি সাংবাদিক উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরা বিচারপ্রার্থী। এ সিদ্ধান্ত যথার্থ নয়।’আইন বিশেষজ্ঞরা বলছেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন গিলানি।গত ফেব্রুয়ারিতে গিলানির বিরুদ্ধে ওই মামলা করা হয়। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা আবার চালু করার অনুরোধ জানিয়ে সুইজারল্যান্ড কর্তৃপক্ষকে চিঠি লিখতে অস্বীকৃতি জানান গিলানি। এরপর তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলেন সুপ্রিম কোর্ট।