গিলানি সরকারের ওপর সুয়োমোটো রুল জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের চাকরিচ্যুত বিচারকদের পুনর্বহাল-সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহারের পরিকল্পনা-সংক্রান্ত এক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের বিরুদ্ধে আজ শুক্রবার সুয়োমোটো রুল জারি করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। ২০০৯ সালের ১৬ মার্চ পাকিস্তান সরকার দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরীসহ বেশ কয়েকজন চাকরিচ্যুত বিচারককে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁদের কাজে পুনর্বহাল করে। কিন্তু সম্প্রতি কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে বলা হয়, বর্তমান সরকার ওই প্রজ্ঞাপনটি প্রত্যাহারের পরিকল্পনা করছে।এ খবর প্রচারিত হওয়ার পরই গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা এক জরুরি সভায় মিলিত হন। ওই সভায় বিচারপতিরা এ বিষয়ে শুনানি করার জন্য ১৭ সদস্যের একটি বৃহত্তর বেঞ্চ গঠনের সিদ্ধান্ত নেন। এরই ধারাবাহিকতায় আজ ১৭ সদস্যের ওই বেঞ্চ সরকারের ওপর সুয়োমোটো রুল জারি করেন। সুপ্রিম কোর্ট বিচারকদের অপসারণের পদক্ষেপকে সংবিধানের অনুচ্ছেদ ৬-এর লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। এ ছাড়া এ বিষয়ে ১৮ অক্টোবর আদালতে প্রতিবেদন দাখিল করতে সরকারকে নির্দেশ দিয়েছেন।শুনানির সময় পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল মৌলভি আনোয়ারুল হক বলেন, এ ঘটনার ওপর প্রচারিত ওই প্রতিবেদনটি ছিল ভিত্তিহীন এবং তা তদন্ত করা উচিত। তবে সুপ্রিম কোর্টের ওই বেঞ্চ বেসরকারি টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনকে সত্য বলে অভিহিত করেছেন।উচ্চ আদালত অ্যাটর্নি জেনারেলকে এ বিষয়ে সরকারের লিখিত বক্তব্য জমা দিতে বলেছেন। সুপ্রিম কোর্ট তাঁর নির্দেশনায় বলেছেন, ওই লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাক্ষর থাকতে হবে।উচ্চ আদালত এ বিষয়ের ওপর পরবর্তী শুনানি ১৮ অক্টোবর পর্যন্ত মুলতবি করেছেন। ওই দিনই সরকারকে আদালতের কাছে এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে হবে।এদিকে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত এ-সংক্রান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেছেন, ওই প্রতিবেদনের মাধ্যমে নির্বাহী বিভাগকে বিচার বিভাগের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়েছে। সূত্র: ডন, দ্য নেশন,দ্য নিউজ অনলাইন।