গিলানিকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা
পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী পদে ইউসুফ রাজা গিলানিকে অযোগ্য ঘোষণা করেছেন। আজ মঙ্গলবার দেশটির সুপ্রিম কোর্ট গিলানিকে অযোগ্য ঘোষণা করেন। পাকিস্তানের ডন পত্রিকার অনলাইনের খবরে বলা হয়, পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মেদ চৌধুরী আদালতে বলেন, গত ২৬ এপ্রিল থেকে পাকিস্তানের পার্লামেন্টের সদস্য পদে অযোগ্য ঘোষণা করা হয়েছে ইউসুফ রাজা গিলানিকে। সে সঙ্গে প্রধানমন্ত্রী পদেও থাকতে পারবেন না গিলানি। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন গিলানিকে অযোগ্য ঘোষণার একটি নোটিশ জারি করবে। পাকিস্তানের প্রেসিডেন্টকে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও বলা হয়েছে।আজ পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মেদ চৌধুরীর নেতৃত্বে বিচারপতি জাওয়াদ এস খাওয়াজা ও বিচারপতি খিলজি আরিফ হোসেনের সমন্বয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চ দেশটির পার্লামেন্টের স্পিকার ফেহমিদা মির্জার করা রুলের শুনানি নিয়ে এ নির্দেশ দেন। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এন), পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ, আইনজীবী আজহার চৌধুরী ও অন্যরা গত ২৪ মে গিলানির যোগ্যতা নিয়ে স্পিকারের দেওয়া রুলকে চ্যালেঞ্জ করেন।এদিকে আজকের শুনানির আগে অ্যাটর্নি জেনারেল ইরফান কাদির বলেন, তাঁরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল। গিলানিকে কেন্দ্র করে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোনোপ রকম সংঘাত যাতে না বাধে সেই আশাবাদের কথা উল্লেখ করেন তিনি। বিচারপতি খিলজি বলেন, আদালতের কর্তব্য হলো আইন ও সংবিধানকে সমুন্নত রাখা।পাকিস্তানের সরকারি টেলিভিশন সূত্রে জানা গেছে, দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির দুর্নীতির মামলা পুনরুজ্জীবিত করার জন্য সুইস কর্তৃপক্ষকে আহ্বান জানাতে রাজি হননি গিলানি। এ অপরাধে গত ২৬ এপ্রিল গিলানিকে দোষী সাব্যস্ত করা হয়। এরপরে আজ তাঁকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করা হলো। সরকারি টিভি সূত্রে আরও জানা গেছে, পাকিস্তানের হাইকোর্ট নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের উদ্যোগ নিতে জারদারিকে নির্দেশ দিয়েছেন। আল-জাজিরায় প্রকাশিত খবরে জানা গেছে, গিলানি তাঁর মামলা পর্যালোচনার জন্য আবেদন করতে পারেন। কিন্তু এ জন্য আনুষ্ঠানিকভাবে আপিল করা তাঁর পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে।